অভিষেক শর্মাকে 'নিম্নমানের স্লগার' বলে কটাক্ষ করেছিলেন। ভারত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে না বলেও ভবিষ্যদ্বাণী করেছিলেন। রবিবার সুপার এইটের প্রথম ম্যাচে ভারত হারতেই সেই 'ভবিষ্যৎদ্রষ্টা' মহম্মদ আমিরকে নিয়ে জোর চর্চা নেটদুনিয়ায়। এমনকি পাক ক্রিকেটপ্রেমীরা এটাও বলছেন, আমিরের বাক্যবাণেই নাকি ভেঙে গিয়েছে ভারতীয় দলের মনোবল।
চলতি বিশ্বকাপের শুরু থেকেই বারবার ভারতীয় দল এবং ক্রিকেটারদের তোপ দেগেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার আমির। সাফ বলেছেন, অক্লেশে গ্রুপ পর্বের বেড়া টপকালেও সুপার এইটের গণ্ডি পেরিয়ে সেমিফাইনাল অবধি গড়াবে না ভারতের রথ। ভারতের গ্রুপ থেকে সেমিফাইনালে চলে যেতে পারে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে আমির বলেন, “একমাত্র পাকিস্তান ম্যাচ ছাড়া বাকি সবকটি ম্যাচেই ভারতের ব্যাটিং বিভাগ ব্যর্থ হয়েছে। আর যেভাবে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ খেলছে, তাতে তারা যে কোনও দলকে হারিয়ে দিতে পারে।”
প্রাক্তন পাক পেসারের এই কথাই যেন সত্যি হয়েছে রবিবার সুপার এইটের ম্যাচে। প্রোটিয়াদের সামনে ভেঙে পড়েছে ভারতীয় ব্যাটিং। যে অভিষেককে ‘নিম্নমানের স্লগার’ বলে কটাক্ষ করেছিলেন, তাঁর সংগ্রহ ১২ বলে ১৫ রান। অভিষেক নিয়ে আমিরের ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছে কাকতালীয়ভাবে। সেই নিয়েই খুশিতে আত্মহারা পাক নেটিজেনরা। তাঁদের কথায়, 'একটা সময়ে মাঠে নেমে ভারতকে কাঁদিয়ে ছাড়তেন আমির। এখন স্টুডিওতে বসে এমন বাক্যবাণ ছাড়ছেন যে ভারতীয় দলের মনোবল ভেঙে যাচ্ছে।'
সেই নেটিজেনদের তালিকায় রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং ব্যাটিং কোচ মহম্মদ ইউসুফও। এক্স হ্যান্ডেলে আমিরকে ট্যাগ করে লিখেছেন, 'আমির, এবার ভারতকে রেহাই দাও। ওদের অবস্থা খুবই খারাপ।' টপ অর্ডার ব্যর্থ হলেও রবিবার যেভাবে ম্যাচে কামব্যাক করেছে দক্ষিণ আফ্রিকা, সেই মানসিকতারও ভূয়সী প্রশংসা করেছেন ইউসুফ। তাঁর এই এক্স পোস্টের সঙ্গে একমত হয়েছেন বহু পাক নেটিজেন। তবে অনেকে মনে করিয়ে দিয়েছেন, ভারতের মতো চ্যাম্পিয়ন দলকে এত সহজে মুছে ফেলা যায় না।
