একসময় গৌতম গম্ভীর বলেছিলেন পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেট ম্যাচ বন্ধ করা উচিত। আর এখন উলটে বিশ্বকাপে পাকিস্তানই সেই পদক্ষেপ নিয়েছে। ঘটনাচক্রে গম্ভীর এখন ভারতীয় দলের কোচ। ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু পাক বাহিনী ম্যাচ বয়কট করেছে। এই নিয়ে গম্ভীরের কী বক্তব্য? সাংবাদিকদের প্রশ্নের সামনে কী করলেন ভারতের কোচ?
বিশ্বকাপে ভারতের অভিযান শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তার আগে বুধবারই নবি মুম্বইতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামছেন সূর্যকুমার যাদবরা। দিল্লি থেকে মুম্বইয়ে উড়ে গিয়েছেন কোচ গম্ভীর। বিমানবন্দরে তাঁকে বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানান অনেকে। জবাব তিনিও ধন্যবাদ দেন।
তারপরই প্রশ্ন আসে পাকিস্তানের ম্যাচ বয়কট নিয়ে। জবাবে কিছু একটা বলার চেষ্টা করেও থেমে যান গম্ভীর। তারপর পুরোপুরি এই বিষয়টা নিয়ে মৌনব্রত পালন করেন। সাংবাদিকরা বারবার প্রশ্ন করলেও তিনি আর মুখ খোলেননি।
পাকিস্তানের ম্যাচ বয়কট পদক্ষেপ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডও কোনও সরকারি বার্তা দেয়নি। কারণ, পাক বোর্ড বয়কট নিয়ে আইসিসি'কে কিছু জানায়নি। তাই সরকারিভাবে কোনও বার্তা দেওয়া ঠিক নয় বলেই মনে করা হচ্ছে। তবে বোর্ড কর্তাদের বক্তব্য, আইসিসি যে পদক্ষেপ নেবে সেটা তাঁরা মেনে নেবেন। ভারতের কোচ হিসেবে এই বিষয়ে মন্তব্য করলে বিতর্ক বাড়বে।
তবে সাত বছর আগে পুলওয়ামাতে জঙ্গি হামলার পর এই গম্ভীরই বলেছিলেন, “শর্তসাপেক্ষ নিষেধাজ্ঞা বলে কিছু হয় না। হয় পুরোপুরি নিষেধাজ্ঞা চাপাও, নয়তো সব কিছুতে ছাড় দাও। পুলওয়ামাতে যা ঘটেছে, তা মেনে নেওয়া যায় না। হয়তো আইসিসি’র টুর্নামেন্টে পাকিস্তানকে বয়কটকে করা কঠিন। কিন্তু ভারতের উচিত এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলা বন্ধ করে দেওয়া।” বর্তমান পরিস্থিতিতে সেই মন্তব্য নিয়েও আলোচনা শুরু হয়েছে।
