বিশ্বকাপ (T20 World Cup) থেকে এখনও খাতায়-কলমে বিদায় নেয়নি পাকিস্তান। কিন্তু সুপার এইটে ইংল্যান্ডের কাছে হারের পর একেবারে বিদায়ের মুখে দাঁড়িয়ে আছেন সলমন আলি আঘারা। জঘন্য পারফরম্যান্স প্রতি ম্যাচেই। যাতে প্রবল ক্ষুব্ধ পাক সমর্থকরা। হতাশায় স্টেডিয়ামে বিপক্ষ-দলের সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়াচ্ছেন পাক-ভক্তরা। তবে সমস্ত সীমা লঙ্ঘন করে পাকিস্তানের অধিনায়ক সলমনের স্ত্রী-ছেলেকে আক্রমণ করছেন সেদেশের সমর্থকরা।
ইংল্যান্ডের কাছে ২ উইকেটে হেরেছে পাকিস্তান। ২ ম্যাচে পয়েন্ট এখন ১। বিশ্বকাপ সেমির সম্ভাবনা সরু সুতোর উপর ঝুলছে। মাঠের ভিতর দল যখন পর্যুদস্ত, তখন গ্যালারিতে ঝামেলা পাকাচ্ছেন পাক সমর্থকরা। ভাইরাল ভিডিওয় দেখা যায়, সাউদ নামের জার্সি পরা এক পাক সমর্থক ইংরেজ-ভক্তের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন। এমনকী জামা টেনে ধরেছেন ওই পাক সমর্থক। শেষমেশ শ্রীলঙ্কার সমর্থকরা এসে তাঁদের ছাড়িয়ে দেন।
এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় আপলোড করে অস্ট্রেলিয়ান ইনফ্লুয়েন্সার জ্যাক জেকিংস লিখেছেন, 'বোকা বোকা ঝামেলা পাকিয়ে জিততে চাইছে। এ ধারাবাহিকভাবে অন্যায় করে চলেছে। আইসিসি'র উচিত এবার ব্যবস্থা নেওয়া।' তবে ওই পাক সমর্থকের অসভ্যতাতেও ইংরেজ-ভক্ত অধৈর্য হননি। নেটিজেনদের বক্তব্য, ইংরেজ-ভক্তের যা চেহারা তাতে অনায়াসে ওই পাক সমর্থককে অনায়াসে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারতেন।
কিন্তু এ তো বিদেশি সমর্থকদের সঙ্গে ঝামেলা। নিজের দেশের অধিনায়কের পরিবারকেও ছাড়ছেন না পাক সমর্থকরা। সোশাল মিডিয়ায় সলমনের স্ত্রী-সন্তানকে উদ্দেশ্য করে নিয়মিত কুৎসিত আক্রমণ করা হচ্ছে। বাধ্য হয়ে সলমনের স্ত্রী সাব্বা মানজের ইনস্টাগ্রামে স্টোরি দিতে বাধ্য হয়েছেন, 'পাকিস্তানি ভক্তরা, আমাকে বা আমার নিষ্পাপ ছেলেকে নোংরা কথা বলে তোমরা বিশ্বকাপ জিততে পারবে না।'
