shono
Advertisement
T20 World Cup

আইসিসির কাছে ফেল নকভির যুক্তি! বয়কট ভুলে ভারতের বিরুদ্ধে খেলতে পারে পাকিস্তান

আইসিসি সূত্রে খবর, ভারত ম্যাচ বয়কটের জন্য পাকিস্তান যা যুক্তি দেখিয়েছে, সেটা একেবারেই ধোপে টেকার মতো নয়। তাই প্রবল চাপের মধ্যে পাকিস্তান শেষ পর্যন্ত একেবারে ব্যাকফুটে গিয়ে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে বলেই অনুমান করা যাচ্ছে।
Published By: Anwesha AdhikaryPosted: 04:20 PM Feb 08, 2026Updated: 04:53 PM Feb 08, 2026

চাপের মুখে অবশেষে ভাঙছে পাকিস্তানের জেদ! বয়কট ভুলে টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবেন সলমন আলি আঘারা, সেই সম্ভাবনা বেশ ভালোরকম রয়েছে বলেই মনে করছে ক্রিকেটমহল। বয়কট করলে আর্থিক ক্ষতি, ক্রিকেটদুনিয়ায় একঘরে হয়ে যাওয়ার মতো নানা সমস্যা ঝুলছে পাকিস্তান ক্রিকেটের সামনে। আইসিসি সূত্রে খবর, ভারত ম্যাচ বয়কটের জন্য পাকিস্তান যা যুক্তি দেখিয়েছে, সেটা একেবারেই ধোপে টেকার মতো নয়। তাই প্রবল চাপের মধ্যে পাকিস্তান শেষ পর্যন্ত একেবারে ব্যাকফুটে গিয়ে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে বলেই অনুমান করা যাচ্ছে।

Advertisement

আগামী রবিবার শ্রীলঙ্কার মাটিতে ভারত-পাক মহারণ। সেই ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল পাকিস্তান। 'ফোর্স ম্যাজুর' অর্থাৎ আচমকা উদ্ভূত প্রতিকূল পরিস্থিতির যুক্তি দেখিয়ে ম্যাচ বয়কটের দাবি জানায় তারা। পাকিস্তান সরকার অনুমতি দেয়নি বলে ভারতের বিরুদ্ধে খেলা যাবে না, এটাও পাক বোর্ডের অবস্থান ছিল। কিন্তু আইসিসি এই যুক্তি একেবারে খারিজ করে দেবে বলেই সূত্রের খবর। কারণ একটিমাত্র ম্যাচ খেলতে গিয়ে নিরাপত্তা সংকট হবে, সেটা খুবই দুর্বল যুক্তি। গোটা টুর্নামেন্ট শ্রীলঙ্কার মাটিতে খেলতে সমস্যা নেই, তাহলে একটা ম্যাচ নিয়ে অসুবিধা কেন? পাকিস্তানের পালটা যুক্তি সাজিয়েছে আইসিসি।

শেষ পর্যন্ত ভারত-পাক ম্যাচের ভাগ্য কোনদিকে মোড় নেবে, সেই সিদ্ধান্ত সম্ভবত জানা যাবে রবিবারই। এদিন পাক সময় বিকেল সাড়ে ৬টায় লাহোরে পিসিবির দপ্তরে পঞ্চমুখী বৈঠক হবে এই ইস্যুতে। ইতিমধ্যেই আইসিসির প্রতিনিধি হিসাবে লাহোরে পৌঁছে গিয়েছেন ইমরান খোয়াজা এবং মোবাশির উসমানি। রয়েছেন পাক বোর্ডের প্রধান মহসিন নকভি। তাঁর পাশে থাকার জন্য লাহোরে পৌঁছে গিয়েছেন বাংলাদেশ বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। তিনিও থাকবেন বৈঠকে। আইসিসির সিইও সংযোগ গুপ্তাও ভিডিও কনফারেন্সে থাকবেন বৈঠকে। চেষ্টা করা হবে, ভারতের বিরুদ্ধে মাঠে নামার জন্য পাকিস্তানকে রাজি হতে।

গোটা টুর্নামেন্ট শ্রীলঙ্কার মাটিতে খেলতে সমস্যা নেই, তাহলে একটা ম্যাচ নিয়ে অসুবিধা কেন? পাকিস্তানের পালটা যুক্তি সাজিয়েছে আইসিসি।

ওয়াকিবহাল মহল মনে করছে, নিজের পাতা জালেই পা জড়িয়েছে পাকিস্তানের। ফোর্স ম্যাজুরের যুক্তি বাংলাদেশের জন্য খাটে, পাকিস্তানের জন্য নয়, এমনটাই বলছে আইসিসি। তাই একটামাত্র ম্যাচ বয়কট কোনওমতেই আইনি পথে সম্ভব নয় পাকিস্তানের পক্ষে। তাই শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে খেলতে পারে তারা। তবে এখানেও একটা চাল দিতে চাইছেন নকভিরা। রবিবারের বৈঠকে আমিনুলকে ডেকে পাক বোর্ড বার্তা দিতে চাইছে যে তাদের মূল উদ্দেশ্য ছিল 'ভাইজান' বাংলাদেশকে রক্ষা করা। বিশ্বকাপ না খেলার দরুণ বাংলাদেশ সম্ভবত কোনও শাস্তি পাবে না। সেটা নিশ্চিত করতেই সলমন আলি আঘারা ভারতের বিরুদ্ধে খেলার কথা ভাববেন, এটাই সম্ভবত তুলে ধরতে চাইছে পাক বোর্ড। ভারত-পাক ম্যাচ হচ্ছেই, একথা এখনই বলা যাচ্ছে না। তবে জট কাটছে বলে মত বিশ্লেষকদের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement