shono
Advertisement

Breaking News

T20 World Cup

'চুনোপুঁটি'কে হারিয়েই ইমরান-আক্রমদের অপমান! পাক তারকার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ পিসিবির

টি-২০ বিশ্বকাপে নামিবিয়ার মতো 'চুনোপুঁটি'কে হারিয়েই পাকিস্তান শিবির উচ্ছ্বাসে ভাসছে। গৃহযুদ্ধের পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে পাক বোর্ড। সতর্ক করে কড়া বার্তা দেওয়া হয়েছে তারকা অলরাউন্ডারকে।
Published By: Anwesha AdhikaryPosted: 09:47 AM Feb 20, 2026Updated: 02:18 PM Feb 20, 2026

টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) নামিবিয়ার মতো 'চুনোপুঁটি'কে হারিয়েই পাকিস্তান শিবির উচ্ছ্বাসে ভাসছে। দেশের প্রাক্তন ক্রিকেটারদের রীতিমতো অপমান করেছেন শাদাব খান। তার পালটা দিয়েছেন পাকিস্তানের প্রাক্তনীরাও। সূত্রের খবর, এহেন গৃহযুদ্ধের পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে পাক বোর্ড। সতর্ক করে কড়া বার্তা দেওয়া হয়েছে তারকা অলরাউন্ডারকে।

Advertisement

বিশ্বকাপে ভারতের কাছে ৬১ রানে হেরেছে পাকিস্তান। তারপর থেকেই শাহিদ আফ্রিদির মতো প্রাক্তনীরা স্পষ্ট জানিয়ে দেন, পরের ম্যাচ থেকেই শাহিন আফ্রিদি, বাবর আজম, শাদাব খানদের প্রথম একাদশ থেকে বাদ দেওয়া উচিত। বুধবার নামিবিয়ার বিরুদ্ধে খেলানো হয়নি শাহিনকে। বাবর ব্যাট করার সুযোগ পাননি। কিন্তু ব্যাটে-বলে ভালো পারফর্ম করেন অলরাউন্ডার শাদাব। তাঁর পারফরম্যান্সে ভর করেই বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান।

ম্যাচ জেতানোর পরেই প্রাক্তনীদের তোপ দাগেন শাদাব। বলেন, “প্রাক্তনীরা পাক ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন। তাঁরা কিংবদন্তি। কিন্তু দিনের শেষে এটাই সত্যি কথা যে বিশ্বকাপে তাঁরা ভারতকে হারাতে পারেননি। ২০২১ বিশ্বকাপে আমরাই ভারতকে হারিয়েছি।” এই মন্তব্য ঘিরে পালটা তোপ দাগেন বাসিত আলি-মহম্মদ আমিরের মতো প্রাক্তন পাক ক্রিকেটাররা। তাঁরা প্রত্যেকেই একমত, শাদাবের মন্তব্য পাকিস্তানের প্রাক্তনীদের পক্ষে অত্যন্ত অপমানজনক।

কিংবদন্তিদের এহেন প্রতিক্রিয়া দেখেই নড়েচড়ে বসেছে পাক বোর্ড। প্রকাশ্যে অবশ্য এই নিয়ে কোনও ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, পাক দলের ম্যানেজার নাভিদ চিমার সঙ্গে যোগাযোগ করেছেন মহসিন নকভিরা। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কথায় লাগাম টানতে হবে শাদাবকে। ভবিষ্যতে তিনি যেন এমন বিতর্কিত মন্তব্য না করেন। পাক বোর্ডের মতে, "সাংবাদিক সম্মেলনে মাত্রা ছাড়িয়ে গিয়েছিলেন শাদাব। তাঁর মনে রাখা উচিত, পাকিস্তানের হয়ে খেলা প্রত্যেক প্রাক্তন ক্রিকেটারই অত্যন্ত সম্মানীয়। তাঁর শ্বশুর সাকলিন মুস্তাকও পাকিস্তানের কিংবদন্তি। শাদাবের উচিত তাঁদের সকলকে সম্মান করা। এহেন মন্তব্য থেকে বিরত থাকা।" তবে শাদাবের বিরুদ্ধে প্রকাশ্যে কেন ব্যবস্থা নিল না বোর্ড, প্রশ্ন রয়েছে পাক ক্রিকেটমহলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement