দিন কয়েক আগেই বাবাকে হারিয়েছেন। কিন্তু তবু দেশের প্রতি কর্তব্য থেকে সরে আসেননি রিঙ্কু সিং। বাবার দাহকার্য শেষ করেই জাতীয় দলে ফিরেছেন। তবে মাঠের বাইরে থেকে দলকে সাহায্য করছেন। সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে মাঠে ঢুকলেন ঠিকই, কিন্তু 'ভুলোমনে' সঞ্জু স্যামসনের ব্যাট নিয়ে হাঁটা লাগালেন। রিঙ্কু কাণ্ড দেখে হেসে ফেলেন সঞ্জু নিজেই।
ইডেনে অতিমানবিক ইনিংস খেলে ভারতকে সেমিফাইনালে তুলেছেন সঞ্জু। ৫০ বলে করেন ৯৭ রান। চাপের মুখে এরকম ইনিংস খেলা সহজ কাজ নয়। ম্যাচের মাঝে সঞ্জুর জন্য জল ও তোয়ালে নিয়ে এগিয়ে আসেন রিঙ্কু ও কুলদীপ যাদব। কিন্তু ফেরার সময় সঞ্জুর ব্যাট হাতে নিয়ে রওনা দেন রিঙ্কু। তড়িঘড়ি সঞ্জু তাঁকে ডেকে নেন। রিঙ্কুর 'ভুলোমন'-এর পরিচয় পেয়ে সঞ্জু-কুলদীপ দু'জনেই হেসে ফেলেন। ব্যাট ফেরত দিয়ে রিঙ্কুর মুখেও হাসি ফোটে।
রিঙ্কুর জায়গাতেই প্রথম একাদশে সুযোগ পান সঞ্জু। মাঝে মাঠের বাইরে বসে থাকতে হয়েছে। ম্যাচের পর তিনি বলে যান, "শট সিলেকশন নিয়ে আমি প্রতিনিয়ত কাজ করে গিয়েছি। আমি নিজেকে খুব একটা বদলাইনি। সেরকম খেলি, সেরকমই খেলেছি। নিজের উপর ভরসা ছিল। ফোন সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলাম। সোশাল মিডিয়া থেকে দূরে সরে গিয়েছিলাম। আর শুধু নিজের কথা শুনতাম। আমি খুশি যে এরকম একটা দিনেই ইনিংসটা খেলতে পেরেছি।"
বিশ্বকাপ সেমিফাইনালের সূচি। গ্রাফিক্স: অরিত্র দেব
রিঙ্কু নিজে এখন মাঠের বাইরে। ঠিক যেরকম সঞ্জু ছিলেন কদিন আগে। সঞ্জু যেমন লড়াইয়ের ময়দান ছাড়েননি। তেমনই ব্যক্তিগত শোক বুকে নিয়েই লড়াই করতে ফিরে এসেছেন রিঙ্কু। সঞ্জু সুযোগ পেয়েই দেশকে জিতিয়েছেন। রিঙ্কু যদি সুযোগ পেয়ে এরকম একটা ইনিংস খেলতে পারেন, তাহলে হয়তো নিজের সঙ্গে লড়াইয়েও জিতে যাবেন।
