সমগ্র দেশজুড়ে সঞ্জু-বন্দনা। আর হবে নাই-বা কেন? ইডেনে অতিমানবিক ইনিংস খেলে ভারতকে সেমিফাইনালে তুলেছেন সঞ্জু স্যামসন। ৫০ বলে করেন ৯৭ রান। দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হলেও লড়াইয়ের ময়দান ছাড়েননি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সঞ্জুর ইনিংস একেবারে সামনে থেকে দেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি সভাপতির বক্তব্য, এবার সাদা বলের ক্রিকেটে সঞ্জুকে নিয়মিত দেখতে চান। আরেক কিংবদন্তি শচীন তেণ্ডুলকরও সঞ্জুর (Sanju Samson) প্রশংসায় পঞ্চমুখ।
ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে উপস্থিত ছিলেন সৌরভ। আইসিসি চেয়ারম্যান জয় শাহর সঙ্গে ম্যাচ দেখেন তিনি। পরে একটি অনুষ্ঠানে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, "সঞ্জু অসাধারণ প্লেয়ার। সাদা বলের ক্রিকেটে ওর নিয়মিত খেলা উচিত। যদি ও দলে থাকে, তাহলে প্রতিপক্ষকে শেষ করে দেবে।" তিনি আরও বলেন, "সঞ্জুর ইনিংসটা দেখে শেখার আছে। এই ছেলেটা গত ছ'মাসে দলে জায়গা করতে পারছিল না। সেটা ঈশান কিষান হোক বা অন্য কারও জন্য। বিশ্বকাপের আগে আমি দেখছিলাম সোশাল মিডিয়ায় অনেকে বলছিল, সঞ্জু ব্যর্থ হবে। ওর এই দলে জায়গা পাওয়াই উচিত না। কিন্তু এই দলটায় প্রচুর প্রতিভা। তাই শুভমান গিল দলে নেই। আর একজন কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচে ৯৭ রান করে দলকে সেমিফাইনালে তোলে।"
অন্যদিকে শচীন তেণ্ডুলকর এক্স হ্যান্ডলে লিখেছেন, 'সেমিফাইনালে ওঠার লড়াইটা আমাদের ছেলেরা দারুণ সামলেছে। দুই ইনিংসেই শেষ ওভারটা আমাদের জন্য দারুণ হয়েছে। সঞ্জু একেবারে শান্ত হয়ে ক্রিজে ছিল। ওর ইনিংস দেখার আলাদা আনন্দ। এই ধরনের ইনিংস দলকে চাঙ্গা করে দেয়। সবাই মিলে অসাধারণ খেলেছে।' সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। বৃহস্পতিবার ওয়াংখেড়েতে ফের ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বিশ্বজয়ীরা।
