পরপর ম্যাচ জিতেও শান্তিতে নেই ভারতীয় দল। বিশ্রী ফিল্ডিং, ক্যাচ মিস, স্পিনারদের বিরুদ্ধে দুর্বলতা, অভিষেক শর্মার ফর্ম চিন্তায় রাখছে টিম ইন্ডিয়াকে। এত চিন্তার মাঝেও কিন্তু 'সার্চলাইটে' টিম ইন্ডিয়ার বিস্ফোরক ওপেনার। তা যতই শূন্যের হ্যাটট্রিক করুন না কেন! অভিষেকের জন্য কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না দক্ষিণ আফ্রিকা। তাঁকে 'বেড়ে ওঠা'র আগেই সাজঘরের রাস্তা দেখাতে মরিয়া প্রোটিয়ারা। এর জন্য প্রোটিয়া দলের মেন্টর অ্যালবি মর্কেলের তত্ত্বাবধানে বিশেষ অনুশীলনও করতে দেখা গিয়েছে তাঁদের।
রবিবাসরীয় সন্ধ্যায় সুপার এইটের ম্যাচ। তার আগে শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দেখা গেল, অভিষেক শর্মাকে সামলাতে বিশেষ প্রস্তুতিতে মগ্ন দক্ষিণ আফ্রিকা শিবির। প্র্যাকটিস পিচে চারটে আলাদা স্পট তৈরি করা হয়েছে। যা মোটামুটি ৪ মিটারের মধ্যে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, গুড লেংথ এলাকার আশপাশেই এই স্পট।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দেখা গেল, অভিষেক শর্মাকে সামলাতে বিশেষ প্রস্তুতিতে মগ্ন দক্ষিণ আফ্রিকা শিবির। প্র্যাকটিস পিচে চারটে আলাদা স্পট তৈরি করা হয়েছে। যা মোটামুটি ৪ মিটারের মধ্যে।
এখানেই শেষ নয়। স্পিনারদের 'বিষ' সামলাতে ব্যাট হাতে পাঠিয়ে দেওয়া হল প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্সকে। যিনি আবার বাঁহাতি। দলের কোচিং স্টাফের সঙ্গে যুক্ত তিনি। মূলত ব্যাটিং টিপস দেন দেশের হয়ে ৬৬ টেস্ট খেলা ক্রিকেটার। তাঁকে এক নাগাড়ে অফস্পিন করে গেলেন অধিনায়ক এইডেন মার্করাম, ট্রিস্টান স্টাবস। এর মধ্যে অন্ততপক্ষে দু'বার বল নিখুঁত বাঁক নিয়ে স্টাম্প ছিটকে দিল। এরপর অনুশীলনে যোগ দেন কেশব মহারাজ, জর্জ লিন্ডে। বোঝাই যাচ্ছে যে, স্পিন অস্ত্রে অভিষেক তো বটেই ভারতীয় দলকে ঘায়েল করতে চাইছে প্রোটিয়ারা।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে 'অনামী' আর্যন দত্তর গুড লেংথ বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছিলেন বাঁহাতি ওপেনার। উল্লেখ্য, বিশ্বকাপে তিন ম্যাচ খেললেও একটা রানও করা সম্ভব হয়নি তাঁর পক্ষে। শেষ আট ইনিংসে পাঁচবার শূন্যে আউট হয়েছেন অভিষেক। শেষ আটটি টি-টোয়েন্টিতে তাঁর স্কোর ৮৪, ০, ৬৮*, ০, ৩০, ০, ০, ০। সুপার এইটে নামার আগে তাঁর আত্মবিশ্বাস যে অনেকটাই তলানিতে থাকবে, তা বলাই বাহুল্য। এই জায়গাটাতেই ঘা দিতে চাইছে দক্ষিণ আফ্রিকা। তবে কেবল অভিষেক নন, ভারতীয় দলে বাঁহাতি ব্যাটারদের আধিক্য। অভিষেক ছাড়াও ঈশান কিষান, তিলক বর্মা, শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দররা বাঁহাতি। সেই কারণে বিশেষ এই প্রস্তুতি।
উল্লেখ্য, এখন পর্যন্ত স্পিনারদের বিরুদ্ধে ৪২ ওভারে ভারত করেছে মাত্র ৩১৫ রান। ওভারপিছু রানও আহামরি নয়। মাত্র ৭.৫। এর মধ্যে স্পিনাররাই ভারতীয় ব্যাটারদের সাজঘরের রাস্তা দেখিয়েছেন ১৫ বার। ৭ থেকে ১০ ওভারের মধ্যেই স্পিনাররা সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন। স্পিনের বিরুদ্ধে ভারতের স্ট্রাইক-রেট মাত্র ১০৬.৬৭। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হল, স্পিনের বিরুদ্ধে ৪১.৬৬ শতাংশ ডট বল খেলেছেন টিম ইন্ডিয়ার ব্যাটাররা। এসব পরিসংখ্যানই চিন্তায় রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।
