বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতের ব্যাটিং বিপর্যয়। ওয়াংখেড়েতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে শেডলি ভ্যান শাকউইক নামের এক 'নিরীহ' মিডিয়াম পেসারের সামনে অসহায়ের মতো ধসে গেল ভারতের মিডল অর্ডার। তবে অধিনায়ক সূর্যকুমার যাদবের অবিশ্বাস্য ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ১৬১ রানের সম্মানজনক ইনিংস গড়তে সক্ষম হল টিম ইন্ডিয়া।
স্রেফ দেখো আর মারো। ছিন্নভিন্ন করে দাও প্রতিপক্ষকে। গম্ভীর জমানায় এটাই ভারতীয় টি-২০ দলের দর্শন। কিন্তু সেই একরোখা ব্যাটিং যে যে কোনও দিন দলকে বিপদে ফেলে দিতে পারে তার জলজ্যান্ত উদাহরণ বিশ্বকাপের প্রথম ম্যাচ। আমেরিকার বিরুদ্ধে অভিযান শুরুতেই মহাবিপর্যয়ের মুখে ভারতীয় ব্যাটিং বিভাগ। অভিষেক শর্মা, ঈশান কিষান, তিলক বর্মা, রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়া। ব্যাটিং অর্ডারের তাবড় তাবড় বড় নাম ব্যর্থ। এতদিন যার ফর্ম নিয়ে সবচেয়ে বেশি চিন্তা ছিল সেই অধিনায়ক সূর্যকুমার যাদব কোনওক্রমে টিম ইন্ডিয়ার মানরক্ষা করলেন।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মার্কিন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ফর্মে থাকা অভিষেক শর্মাকে খোয়াই ভারত। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রথম বলে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন অভিষেক। দ্বিতীয় উইকেটের জুটিতে ৪৫ রান তুললেও ঈশান কিষান ব্যক্তিগত ২০ রানে প্যাভিলিয়নে ফেরেন। তিলক বর্মা করেন ২৫। এরপর শুরু আসা যাওয়ার পালা। একে একে ব্যর্থ হন শিবম দুবে (০), রিঙ্কু সিং (৬), হার্দিক পাণ্ডিয়া (৫), অক্ষর প্যাটেলরা (১৪)। একদিকে যখন পরপর উইকেট খোয়াচ্ছে টিম ইন্ডিয়া, অন্যদিকে তখনও মাটি কামড়ে পড়ে অধিনায়ক সূর্য। অক্ষরকে সঙ্গে নিয়ে একটি ছোট জুটিও গড়েন তিনি। পরে অর্শদীপের সঙ্গেও জুটি বাঁধার চেষ্টা করেন। শেষ পর্যন্ত ভারত অধিনায়ক ৪৯ বলে ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। ভারতের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১৬১ রান।
এমনিতে ওয়াংখেড়ের পিচ ব্যাটিং সহায়ক হয়। কিন্তু শনিবার খানিক অন্যরকম আচরণ করেছে পিচ। কিছুটা টার্নও দেখা গিয়েছে। পিচ স্লো-ও হয়েছে খানিকটা। ফলে ভারতের দেওয়া এই টার্গেটে পৌঁছনো সহজ হবে না আমেরিকার জন্য। তবে শনিবারের এই বিপর্যয় ভারতীয় ব্যাটিংকে অনেক কিছু শেখাতে পারে।
