উৎসব অনুষ্ঠানের সঙ্গী বেনারসি শাড়ি। কিন্তু তার সঙ্গে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের কী সম্পর্ক? আছে। আসলে এদেশের অস্থিমজ্জায় ক্রিকেটপ্রেম। সেখানে দেশের মাটিতেই বিশ্বকাপ। আর তার প্রভাব বারাণসীতেও। সেখানের তাঁতশিল্পীরা তৈরি করছেন বিশেষ বিশ্বকাপ শাড়ি। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের পরিবারকে এই শাড়িগুলো পাঠানো হবে।
উত্তরপ্রদেশের প্রায় সব জেলারই নিজস্ব শিল্পরীতি আছে। বেনারসি শাড়ি তো জগদ্বিখ্যাত। এবার মেন ইন ব্লু'র রংয়ে ডুবে সেখানকার শাড়ি। রুপোলি জরি দেওয়া শাড়ির রং নীল। তাতে ফুটে উঠেছে ক্রিকেট ব্যাট, বল, উইকেট আর ট্রফি। শুধু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়। রয়েছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপও। যে ট্রফি গত বছর ভারতীয় মহিলা দল জিতেছে। সব মিলিয়ে ভারত পাঁচটি বিশ্বকাপ জিতেছে। সব কটি ট্রফির নকশা শাড়িতে ফুটিয়ে তোলা হয়েছে।
জানা গিয়েছে, এক-একটি শাড়ির দাম ২৫ হাজার থেকে ৩০ হাজার। শিল্পী লক্ষ্মী বিশ্বকর্মার মতে, এই শাড়িগুলো পুরো হাতে তৈরি হচ্ছে। তবে এই শাড়িগুলো বিক্রি করা হবে না। আর এক-একটি শাড়ি বানাতে ১৮ থেকে ১৯ দিন সময় লাগে। শাড়ির নাম দেওয়া হয়েছে, 'প্রাইড অফ ইন্ডিয়ান ক্রিকেট'। এবারও বিশ্বকাপ জিততে আশাবাদী তাঁতশিল্পীরা। বিশ্বকাপ দলে যে ক্রিকেটাররা আছেন, তাঁদের পরিবারকে এগুলো উপহার দেওয়া হবে। এছাড়া ভারতের প্রথিতযশা অ্যাথলিটদেরও দেওয়া হবে।
যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কাও। লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার এক্স হ্যান্ডলে লিখেছেন, 'টিম ইন্ডিয়া ভারতকে একত্রিত করে। তাদের সমর্থনের জন্য নিজেদের ভাষা তৈরি করে নেয়। এই বেনারসি শাড়িগুলো ক্রিকেটারদের পরিবারকে দেওয়া হবে। দারুণ ভাবনা।'
