shono
Advertisement
T20 World Cup

'দিল হ্যায় হিন্দুস্তানি'! বিশ্বকাপ খেলতে এসে চেটেপুটে ফুচকা খেলেন আমেরিকার 'ভারতীয়রা', ভিডিও ভাইরাল

বিলাসবহুল হোটেলে নয়, আম ভারতীয়দের মতো পথে দাঁড়িয়ে টপাটপ মুখে পুরলেন একের পর এক ফুচকা। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
Published By: Anwesha AdhikaryPosted: 02:21 PM Feb 04, 2026Updated: 02:21 PM Feb 04, 2026

খাতায় কলমে তাঁরা মার্কিন নাগরিক। খেলেন আমেরিকার জার্সিতে। কিন্তু বলিউডের ভাষায় তাঁদের 'দিল হ্যায় হিন্দুস্তানি'। তাই তো ভারতে বিশ্বকাপ খেলতে এসেই তাঁরা বেরিয়ে পড়লেন ফুচকা খেতে। বিলাসবহুল হোটেলে নয়, আম ভারতীয়দের মতো পথে দাঁড়িয়ে টপাটপ মুখে পুরলেন একের পর এক ফুচকা। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ক্রিকেটপ্রেমীদের সতর্কবাণী, ফুচকা খেয়ে আবার পেট খারাপ না হয়।

Advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের যে দলটা বিশ্বকাপ খেলতে ভারতে এসেছে, তাদের অধিকাংশই ভারতীয় অথবা পাকিস্তানি বংশোদ্ভূত। নেটিজেনদের অনেকে মনে করিয়ে দিচ্ছেন, এই টিমটা কিন্তু মিনি ইন্ডিয়ার মতো। কারণ আমেরিকার এই দলের প্রথম একাদশের ৬ জন ক্রিকেটার ভারতীয় বংশোদ্ভূত। এর মধ্যে অধিনায়ক, সহ-অধিনায়কও রয়েছেন। এই দলে পাক বংশোদ্ভূত ক্রিকেটারও রয়েছেন। তবে তাঁরা সংখ্যায় কম। মজা করে অনেকেই বলেন, গ্রিন কার্ড বন্ধ করে দিলে আমেরিকার ক্রিকেট একেবারে শেষ হয়ে যাবে।

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধেই প্রথম ম্যাচ খেলবে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী শনিবার মুম্বইয়ে খেলা হবে সেই ম্যাচ। তার আগে মঙ্গলবার মার্কিন দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে দেখা গেল, রাস্তার পাশের দোকান থেকে ফুচকা খেতে। একেবারে খাঁটি ভারতীয় কায়দায় টকজল-আলু দিয়ে ফুচকা খাচ্ছেন মার্কিন ক্রিকেটাররা, সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তবে নেটিজেনরা এই ভিডিও দেখে মজা করতে ভোলেননি। কেউ বলছেন, 'আসলে দিদার বাড়ি বেড়াতে এসেছে ওরা। তাই দিব্যি ফুচকা খাচ্ছে।' কেউ বা বিশ্বাসই করতে চাননি যে মার্কিন ক্রিকেটাররা এভাবে পথে নেমে ফুচকা খেতে পারেন। অনেকেই সতর্ক করছেন, 'ফুচকা খাওয়ার তো অভ্যেস নেই, ঝালে পেট না খারাপ হয়ে যায়।'

উল্লেখ্য, গত টি-২০ বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স করেছিল আমেরিকা। পাকিস্তানকে হারিয়ে সকলকে চমকে দেয়। তারপর জায়গা করে নিয়েছিল সুপার এইটেও। এবারের বিশ্বকাপ প্রস্তুতির ম্যাচে ২০০ রান তুলেছে আমেরিকা। তাই মার্কিন দলটির মধ্যে যথেষ্ট সম্ভাবনা দেখছেন ক্রিকেটপ্রেমীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement