রবিবার সুপার এইটের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে চলেছেন সূর্যকুমার যাদবরা। তার আগে একাধিক মাথাব্যথার কারণ রয়েছে টিম ইন্ডিয়ার। বিশ্রী ফিল্ডিং, ক্যাচ মিস, স্পিনারদের বিরুদ্ধে দুর্বলতার সঙ্গে জুড়েছে অভিষেক শর্মার ফর্ম। টি-টোয়েন্টি বিশ্বকাপে যিনি এখনও পর্যন্ত রানের মুখ দেখেননি। কৌতূহলীদের প্রশ্ন, প্রোটিয়াদের বিরুদ্ধে কি খেলবেন বাঁহাতি তারকা ওপেনার? নাকি তাঁর জায়গায় খেলবেন সঞ্জু স্যামসন? মুখ খুললেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল।
তিনি বলেন, "নেটে খুবই পরিশ্রম করছে অভিষেক। দল ওর পাশে রয়েছে। আমরা এখন বিশ্বকাপের খুবই গুরুত্বপূর্ণ পর্বের মধ্য দিয়ে যাচ্ছি। নিশ্চিত যে, ও ফর্ম ফিরে পাবে। দর্শকদের ও বিনোদিত করবে, তা আমরাও দেখতে ভালোবাসি।" পেস হোক কিংবা স্পিন, এই বিশ্বকাপে বারবার সমস্যায় পড়েছেন অভিষেক। পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে স্পিনে পরাস্ত হলেও আমেরিকার বিরুদ্ধে পেসারের বলে তিনি বোল্ড হন। তবে দল যে অভিষেকের ফর্ম নিয়ে চিন্তায় নেই, সে কথা বলেছেন ভারতীয় দলের বোলিং কোচ। তাই ধরেই নেওয়া যায়, রোববারের ম্যাচে ওপেনিংয়ে ঈশানের সঙ্গে নামবেন অভিষেক।
টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নির ভাই অ্যালবি মর্কেল এখন প্রোটিয়া দলের মেন্টর। ভাইয়ের দলের বিপক্ষেই সুপার এইটের লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে ভারত। এতে ধর্মসংকটে পড়েছে মর্কেল পরিবার। কাকে সমর্থন করবেন, তা ভেবে কূল পাচ্ছেন না তাঁরা। জানা গেল, ভাইয়ের সঙ্গে আপাতত কথা বলছেন না ভারতীয় কোচ।
শেষ আট ইনিংসে পাঁচবার শূন্যে আউট হয়েছেন অভিষেক। শেষ আটটি টি-টোয়েন্টিতে তাঁর স্কোর ৮৪, ০, ৬৮*, ০, ৩০, ০, ০, ০। সুপার এইটে নামার আগে তাঁর আত্মবিশ্বাস যে অনেকটাই তলানিতে থাকবে, তা বলাই বাহুল্য। তবে কেবল অভিষেকের ফর্ম নয়, ভারতের বড় চিন্তা ফিল্ডিং। এশিয়া কাপ থেকে ফিল্ডিং মিসের এই নয়া রোগ ধরেছে ভারতকে। সঙ্গে দোসর ক্যাচ মিসও। এর গেরো থেকে মুক্তি পেতে ভারতীয় দল যে পরিশ্রম করছে, সে কথাও বলেন মর্কেল। উল্লেখ্য, গ্রুপ পর্বের চার ম্যাচে ৯টি ক্যাচ ছেড়ে দিয়েছে ভারতীয় দল। বুধবার রাতে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও দু'টি ক্যাচ ছেড়েছেন সূর্যকুমার যাদবরা। ডাচরা যে ভারতের বিরুদ্ধে ১৭৬ রান তুলে দিল, সেটার মূল কারণও ওই ফিল্ডিং মিস।
বিষয় হল, টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নির ভাই অ্যালবি মর্কেল এখন প্রোটিয়া দলের মেন্টর। ভাইয়ের দলের বিপক্ষেই সুপার এইটের লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে ভারত। এতে ধর্মসংকটে পড়েছে মর্কেল পরিবার। কাকে সমর্থন করবেন, তা ভেবে কূল পাচ্ছেন না তাঁরা। জানা গেল, ভাইয়ের সঙ্গে আপাতত কথা বলছেন না ভারতীয় কোচ। "আমি ওকে বাইরে দেখেছি। কিন্তু মুম্বইয়ে আমাদের ওয়ার্ম আপ ম্যাচের পর আমরা খুব বেশি কথা বলছি না। আজ ওকে এখানে দেখলাম। ব্যস এটুকুই।"
উল্লেখ্য, সেই ম্যাচে ৩০ রানে জিতেছিল টিম ইন্ডিয়া। তবে পিচ নিয়ে এখনও ঘেঁটে রয়েছে টিম ইন্ডিয়া। "চ্যালেঞ্জিং পিচে যে খেলতে হচ্ছে আমাদের। বোলাররাও সাহায্য পাচ্ছে, সেটাও একটা ভালো লক্ষণ। কিন্তু আমরা এই পিচে ১৯০ করছি।" মনে করিয়ে দেওয়া যাক, আহমেদাবাদের মাঠেই অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনালে হেরেছিল ভারত। অন্যদিকে, শুক্রবার অনুশীলনে অন্য অভিষেককে পাওয়া গেল। তিনি ব্যাটই করলেন না। টানা বল করে গেলেন সঞ্জু স্যামসন এবং ঈশান কিষানকে।
