সঞ্জু স্যামসন (Sanju Samson) ছন্দে থাকলে প্রথম ছ'ওভারেই ম্যাচ জিতিয়ে দিতে পারেন। বক্তা, ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সোমবার ট্রেলরেজার্স স্পোর্টস কনক্লেভে যোগ দিতে কলকাতায় আসছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের কোচ। তার আগে রবিবার তিনি এক অনুষ্ঠানে সঞ্জুকে ভরিয়ে দিলেন প্রশংসায়।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে রয়েছে সঞ্জুর অনবদ্য পারফরম্যান্স। বিশ্বকাপের শেষ তিনটি ম্যাচেই তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন। মূলত তিনিই গড়ে দিয়েছিলেন বিশ্বজয়ের ভিত। অথচ বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ছন্দে ছিলেন না সঞ্জু। বিশ্বকাপের প্রথম একাদশেও অনিশ্চিত হয়ে পড়েছিলেন। অভিষেক শর্মা অসুস্থ হওয়ার কারণে নামিবিয়া ম্যাচে নেমেছিলেন তিনি। কিন্তু রান পাননি। ভারতীয় দলের কোচ গম্ভীরকে প্রশ্ন করা হয়েছিল, কেন সঞ্জুকে দলে সুযোগ দিয়েছিলেন? এর জবাবে গম্ভীর বলেন, "আমরা সকলেই জানতাম সঞ্জু কী করতে পারে। ও যদি ফর্মে থাকে, তা হলে প্রথম ছয় ওভারেই ম্যাচ জিতিয়ে দিতে পারে। ওর প্রতিভা এবং ধ্বংসাত্মক মানসিকতা নিয়ে কারও মনে কোনও সংশয় ছিল না।"
জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগে গম্ভীর সঞ্জুকে বলেছিলেন, তিনি খেলছেন। ভারতীয় দলের কোচ বলেন, "জিম করার সময় ওকে খেলার কথাটা জানিয়েছিলাম। আমরা দু'জনেই গা ঘামাচ্ছিলাম। তখনই ওকে বলি, জিম্বাবোয়ে ম্যাচ তুমি খেলছ। সঞ্জ উত্তরে বলে, "তাহলে তাই হোক।" সঞ্জু সেই ম্যাচে ১৫ বলে ২৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। গম্ভীর বলছিলেন, "আমাদের মধ্যে এরকমই সাধারণ কথাবার্তা হয়। আমি কোচ বা ও ক্রিকেটার, এই ধরনের সম্পর্কের কথা আমরা মাথাতেই রাখি না।"
মাঝে একটা কথা রটেছিল। অনেকেই বলছিলেন, ভারতীয় টপ অর্ডারে বাঁ-হাতি ব্যাটারদের আধিক্য হওয়ার কারণে ডান হাতি সঞ্জুকে খেলানো হচ্ছে। গম্ভীর বিষয়টিকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, "অনেকে এই ধরনের মন্তব্য করছেন। যা মোটেই ঠিক নয়। আমাদের টপ অর্ডারে সঞ্জুর মতো বিধ্বংসী ব্যাটারকে খেলানো দরকার। আসল কথা হল, গত দেড় বছর ধরে আমাদের মানসিকতা বদলে গিয়েছে। আমরা এখন আগ্রাসী মানসিকতায় বিশ্বাসী। সঞ্জুকে নেওয়া হয়েছে প্রথম ছ'ওভারে দলকে আরও আগ্রাসী করে তুলতেই। এছাড়া আর কোনও কারণ নেই।"
