shono
Advertisement
Team India

আয়ারল্যান্ড যাচ্ছে টিম ইন্ডিয়া, জুনে ইংল্যান্ড সফরের 'প্রস্তুতি' সিরিজ খেলবেন সূর্যকুমাররা

চলতি বছর জুন মাসের তৃতীয় সপ্তাহে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। সিরিজটিকে ইংল্যান্ড সফরের প্রস্তুতি হিসাবে দেখা হচ্ছে। 
Published By: Prasenjit DuttaPosted: 02:12 PM Mar 20, 2026Updated: 02:12 PM Mar 20, 2026

হ্যারি ব্রুকদের মুখোমুখি হওয়ার আগে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। চলতি বছর জুন মাসের তৃতীয় সপ্তাহে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। সিরিজটিকে ইংল্যান্ড সফরের প্রস্তুতি হিসাবে দেখা হচ্ছে। 

Advertisement

আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তা গ্রাহাম ওয়েস্ট এক বিবৃতিতে সিরিজটির কথা নিশ্চিত করেছেন। যদিও এই মুহূর্তে নেতৃত্বশূন্য হয়ে পড়েছে আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর অধিনায়কত্ব ছেড়েছেন পল স্টার্লিং। স্টার্লিং বলেন, "দেশের হয়ে এই ফরম্যাটে নেতৃত্ব দেওয়া আমার জন্য বিরাট সম্মানের। এই সময়ে যে সমর্থন পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ।" ফলে এখন নতুন অধিনায়ক খুঁজতে হবে ক্রিকেট আয়ারল্যান্ডকে। ভারত সিরিজ থেকেই আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দলে দেখা যাবে নতুন নেতৃত্ব।

স্টার্লিংয়ের নেতৃত্ব ছাড়ার বিষয় নিশ্চিত করেছেন ক্রিকেট আয়ারল্যান্ড বোর্ডের ওই শীর্ষকর্তা। তিনি জানিয়েছেন, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন অধিনায়ক খুঁজছেন তাঁরা। ওয়েস্টের কথায়, "স্টার্লিং টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়েছে। জুনে ভারত সিরিজে নতুন অধিনায়ক দেখা যাবে। এই সিরিজে নতুন অধিনায়ক তার নিজস্ব পদ্ধতি ও পরিকল্পনা প্রয়োগ করার সুযোগ পাবে।"

জুন মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। যা শেষ হবে ২০ জুন। এরপরই আয়ারল্যান্ড সফর। আর তারপর ১ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। যদিও এখনও পর্যন্ত সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। গত সাত বছরে তিনবার (২০১৮, ২০২২ ও ২০২৩ সালে) আয়ারল্যান্ড সফর করেছে ভারত। আসন্ন সফর নিয়ে এখন থেকেই উন্মাদনা তুঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement