মুস্তাফিজুর রহমান নেই। মাথিশা পাথিরানার শুরু থেকে খেলা নিয়ে এখনও টুকটাক সংশয় রয়েছে। তবে আইপিএল মরশুম শুরুর আগে নাইটদের জন্য সবচেয়ে বড় ধাক্কা হল হর্ষিত রানার না থাকা। যা খবর, তাতে গোটা মরশুমেই হর্ষিতকে পাওয়া যাবে না। সেক্ষেত্রে পরিবর্ত হিসাবে কয়েকজনের নাম ভেসে আসছে।
যদিও কেকেআর এখনই কোনও পরিবর্ত চাইবে না। কিছুদিন অপেক্ষা করা হবে। নিতান্তই যদি হর্ষিতের না খেলাটা নিশ্চিত হয়ে যায় তাহলে পরিবর্তের কথা ভাবা হবে। তবে সরকারিভাবে নাম ঘোষণা না করলেও কয়েক জন পেসারকে পরিবর্ত হিসাবে ভেবে রাখছে নাইটরা। সিমারজিৎ সিং, নভদীপ সাইনির মতো জনা কয়েক পরিচিত পেসারকে ইতিমধ্যেই ট্রায়ালে ডাকা হয়েছে। যা শোনা গেল, আরও কিছুদিন পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর মধ্যে আরও কয়েকজনকে দেখে নেওয়া হতে পারে।
নতুন করে যাঁদের ডাকা হচ্ছে তাঁরা হলেন কেএম আসিফ এবং সন্দীপ ওয়ারিয়র। শোনা যাচ্ছে হর্ষিতের পরিবর্ত হিসাবে আকাশ মাধওয়ালের নামও ভাবা হচ্ছে। কাশ্মীরের এক তরুণ অখ্যাত বাঁহাতি পেসারের কথাও মাথায় রয়েছে নাইট কর্তাদের। যাঁদের ডাকা হচ্ছে তাঁদের মধ্যে আসিফ এবং সন্দীপ ওয়ারিয়র আগে কেকেআরের হয়ে খেলেছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়েও খেলেছেন আসিফ। আকাশ মাধওয়াল খেলেছেন মুম্বই-রাজস্থানের হয়ে। নবদীপ সাইনি একাধিক দলের হয়ে খেলেছেন। এখন দেখার নাইটরা কোনও অভিজ্ঞ পেসারের দিকে যায় নাকি আনকোরা কাউকে তুলে আনে।
তবে এসবের মধ্যে একটা সুখবর হল, মাথিশা পাথিরানা ফিট হওয়ার পথে। খুব সম্ভবত দ্বিতীয় ম্যাচ অর্থাৎ ইডেনে নিজেদের প্রথম ম্যাচ (২ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদ) থেকেই পাথিরানাকে পেয়ে যাবে কেকেআর। শ্রীলঙ্কান পেসারের ফিটনেস টেস্ট হয়েছে। নেটে বোলিংও করে দিচ্ছেন তিনি। যার ফলে পেস অ্যাটাক নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমেছে।
