shono
Advertisement
Chris Gayle

নয়া ভূমিকায় ক্রিস গেইল, টি-২০ লিগে বচ্চনের দলে বিনিয়োগ 'ইউনিভার্সাল বস'-এর

কোন ভূমিকায় দেখা যাবে ক্যারিবিয়ান কিংবদন্তিকে? লিগের সঙ্গে যুক্ত হতে পারেন রাহুল দ্রাবিড় এবং রবিচন্দ্রন অশ্বিনও।
Published By: Prasenjit DuttaPosted: 02:29 PM Apr 21, 2026Updated: 02:29 PM Apr 21, 2026

এবার নয়া ভূমিকায় দেখা যাবে ক্রিস গেইলকে। প্রস্তাবিত ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের গ্লাসগো ফ্র্যাঞ্চাইজির মালিকানায় যুক্ত হলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম মালিক বলিউড অভিনেতা অভিষেক বচ্চন।

Advertisement

ইউরোপের ছয় শহরে আগামী আগস্ট-সেপ্টেম্বরে ৩৩ ম্যাচের এই লিগ হওয়ার কথা। মনে করা হচ্ছে, ইউরোপীয় ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল)। আইসিসি-অনুমোদিত ইউরোপের প্রথম টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে আত্মপ্রকাশের আগেই আলোচনায় উঠে এসেছে গ্লাসগোর দল 'গ্লাসগো মুগাফিয়ান্স'। দলটি স্কটল্যান্ডের প্রতিনিধিত্ব করবে।

মুগাফি গ্রুপের সমর্থন রয়েছে এই ফ্র্যাঞ্চাইজির। যার মালিক তানশা বাত্রা। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল যুক্ত হয়েছেন কো-ওনার এবং গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে। মিডিয়া, বিনোদন ও আইপি প্ল্যাটফর্ম হিসাবে পরিচিত মুগাফি গ্রুপ ফ্র্যাঞ্চাইজিটির বাণিজ্যিক, কনটেন্ট ও ডিজিটাল বিভাগের দায়িত্বে থাকবে। নতুন ভূমিকায় উচ্ছ্বাস লুকিয়ে রাখেননি গেইল। 'ইউনিভার্সাল বস' বলেন, "গ্লাসগো মুগাফিয়ান্সের কো-ওনার হিসেবে এই যাত্রা শুরু করা আমার কাছে দারুণ রোমাঞ্চকর। ইটিপিএল ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থেকে বলছি, এই লিগ বিশেষ কিছু হতে চলেছে। এই লিগ সেখানকার প্রতিভা তুলে আনবে। ভবিষ্যতের তারকাও তৈরি করবে।"

গেইলকে স্বাগত জানিয়েছেন অভিষেক বচ্চনও। তিনি বলেন, "মুগাফি গোষ্ঠী এবং ক্রিস গেইলকে স্বাগত জানাতে পেরে আমরা খুবই আনন্দিত। তাঁর উপস্থিতি ইউরোপিয়ান ক্রিকেটে আলাদা উত্তেজনা যোগ করবে। এই লিগের মাধ্যমে আমরা নতুন প্রতিভা তুলে আনব। নতুন এই প্রতিযোগিতার দুর্দান্ত সম্ভাবনা রয়েছে।" ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হবে প্রতিযোগিতা। গ্লাসগো ছাড়াও আমস্টারডাম, এডিনবরো, ডাবলিন, বেলফাস্ট এবং রটারডামের দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। ম্যাচগুলি হবে এই শহরগুলিতেই। উল্লেখ্য, আমস্টারডম ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত স্টিভ ওয়া। এই লিগের সঙ্গে যুক্ত নাথান ম্যাকালাম, কাইল মিলস এবং গ্লেন ম্যাক্সওয়েলের নামও। জানা গিয়েছে, যুক্ত হতে পারেন রাহুল দ্রাবিড় এবং রবিচন্দ্রন অশ্বিনও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement