বিলেতভূমে ভারতলক্ষ্মীদের দাপট! একজন ব্যাট হাতে, একজন বল হাতে। দু'জনেই লর্ডসে ইতিহাস গড়লেন। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি মাত্র টেস্টে ভারতের মহিলা দলের (INDW vs ENGW) জয় সময়ের অপেক্ষা। ক্রিকেটের 'আঁতুড়ঘর' লর্ডসে প্রথম মহিলা ক্রিকেটে পাঁচ উইকেট তোলার নজির গড়লেন ভারতের ক্রান্তি গৌড়। তারপর সেখানেই প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড লিখলেন যস্তিকা ভাটিয়া। প্রথম হিসেবে দু'জনের নামই এখন লর্ডসের অনার্স বোর্ডে।
লর্ডসে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ভারত ২৮৫ রান তোলে। ৮৩ রানে আউট হন স্মৃতি মন্ধানা। জবাবে ১৭০ রানে অলআউট ইংল্যান্ড। মাত্র ৩৭ রান দিয়ে ৫ উইকেট তোলেন ক্রান্তি গৌড়। তাঁর শিকার মাইয়া বাউচিয়ের, তামসিন বিউমন্ট, ন্যাট স্কিভার-ব্রান্ট, অ্যালিস ক্যাপসি ও লরেন বেল। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে লর্ডসে পাঁচ উইকেটের সোনালি ইতিহাস গড়লেন ক্রান্তি।
১১৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামে টিম ইন্ডিয়া। এবার ইংল্যান্ডকে আরও চাপে ফেললেন যস্তিকা ভাটিয়া। এই ইনিংসেও ৭০ রানের ঝকঝকে ইনিংস খেলে যান স্মৃতি। কিন্তু যস্তিকা অনবদ্য। ১৫৮ বলে ১১৩ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। মারেন ১৪টি চার। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ঐতিহাসিক লর্ডসের অনার্স বোর্ডে নাম উঠছে যস্তিকার। পরে ক্রান্তিও বলেন, "আমি ছোটবেলা থেকে চেয়েছিল লর্ডসের বোর্ডে আমার নাম উঠুক।" দু'জনেরই স্বপ্নপূরণ হয়েছে।
এরপর বাংলার রিচা ঘোষের ঝোড়ো হাফসেঞ্চুরিতে ৩৪১ রান তুলে ডিক্লেয়ার ঘোষণা করেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ইংল্যান্ডের জন্য বিরাট ৪৫৭ রানের লক্ষ্য দেওয়া হয়। যার জবাবে রীতিমতো ধুঁকছেন ইংরেজরা। এই প্রথম লর্ডসে মহিলাদের টেস্ট ম্যাচ হচ্ছে। সেখানে ঐতিহাসিক জয়ের অপেক্ষায় ভারতের মেয়েরা।
