দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কলকাতায় পুরোদমে শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং। যা নিয়ে এবার লেসলি ক্লডিয়াস সরণিতে বুধবার চোখে পড়ল ব্যস্ততা। সামনে ইস্টবেঙ্গল ক্লাব লাগোয়া এরিয়ান ক্লাব। কোনও খেলাও নেই। কিন্তু ক্লাব চত্বরে চোখে পড়ল হুল্লোড়। মহারাজের বায়োপিকের শুটিং চলছে। সেখানে মহারাজকীয় লুকে দেখা গেল রাজকুমার রাওকে।
শুটিং ঘিরে নির্মাতাদের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। কারণ, সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বাঙালির আবেগ প্রবল। তাঁর চরিত্রে অভিনয় করছেন বলিউড তারকা রাজকুমার। এই খবর আগেই জানা থাকলেও তাঁকে ‘মহারাজ’ লুকে কেমন লাগছে, তা দেখার আগ্রহ ছিল তুঙ্গে। সেই লুক গোপন রাখার জন্য প্রোডাকশন টিম সর্বোচ্চ চেষ্টা চালায়। প্রতিটি শটের পর রাজকুমার রাও বড় ছাতার আড়ালে মুখ ঢেকে ভ্যানিটি ভ্যানে ফিরছিলেন।
শুটিংয়ের ফাঁকে রাজকুমার। ছবি অপ্রতিম পাল।
তবে সোশাল মিডিয়ার যুগে কিছুই আর গোপন থাকে না। এরিয়ান মাঠে শুটিং চলাকালীন রাজকুমারের কয়েকটি ছবি ক্যামেরাবন্দি হয়। ভ্যানিটি ভ্যান থেকে ক্লাবে ঢোকার পথে এক ঝলক দেখা যায় তাঁর মুখ। আর সেই মুহূর্তই দ্রুত ভাইরাল হয়ে পড়ে। সৌরভের লুকে তাঁকে দেখে একেবারে উচ্ছ্বসিত নেটিজেনরা। পোশাক-পরিচ্ছদ দেখে বোঝা যায়, একেবারে ক্রিকেটারের আদলে শট দিচ্ছিলেন ‘নিউটন’ ও ‘সিটিলাইটস’-খ্যাত এই অভিনেতা। এরিয়ান গ্যালারির নীচেই রয়েছে দুখিরাম ক্রিকেট কোচিং সেন্টার। যেখানেই ক্রিকেট জীবনের প্রাথমিক পাঠ নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই এই লোকেশন বাছাইও বিশেষ তাৎপর্যপূর্ণ।
উল্লেখ্য, লাভরঞ্জন প্রযোজিত তথা বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই বায়োপিকের নামকরণ করা হয়েছে ‘দাদা’। আপামর ক্রীড়াপ্রেমীদের কাছে ‘দাদা’র সমার্থক যে সৌরভ গঙ্গোপাধ্যায়, তা বললেও অত্যুক্তি হয় না। সেই প্রেক্ষিতেই সম্ভবত বায়োপিকের এহেন নামকরণ। দিন তিনেক আগেই বেহালার বাড়িতে শুরু হয়েছিল সৌরভের জীবনীচিত্রর শুটিং। সৌরভের বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে শুটিং করছেন অপরাজিতা। তাছাড়া ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে রয়েছেন তানিয়া মানিকতল্লা। জানা গিয়েছে, ইডেন-সহ শহরের আরও অন্যান্য স্থানে আগামী কয়েকদিন চলবে শুটিং। যদিও এর মধ্যেই ‘দাদা’ হয়ে এরিয়ান ক্লাবে শুটিং করে দিলেন রাজকুমার।
