সাম্প্রতিককালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীদের হেনস্তার অভিযোগ শোনা যাচ্ছে। দিন কয়েক আগে বনগাঁয় শো চলাকালীন মঞ্চ থেকে মিমি চক্রবর্তীকে নামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এবার কৃষ্ণনগরে সেন্ট্রাল পার্কে শো করতে গিয়ে প্রতিকূল পরিস্থিতির শিকার শিলাজিৎ (Singer Silajit)।
শুক্রবার সেন্ট্রাল পার্ক বইমেলা প্রাঙ্গনে শো করতে গিয়েছিলেন শিলাজিৎ। ছবি- ফেসবুক
শুক্রবার কৃষ্ণনগর সেন্ট্রাল পার্ক বইমেলা প্রাঙ্গনে শো করতে গিয়েছিলেন শিলাজিৎ মজুমদার। সেখানেই অনুষ্ঠান চলাকালীন অনভিপ্রেত অভিজ্ঞতার সম্মুখীন শিল্পী। ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে, শোয়ের সময় বাঁধা ছিল রাত ১১টা পর্যন্ত। কিন্তু ঘড়ির কাঁটা ১০.৫৮ ছুঁতেই অনুষ্ঠান প্রাঙ্গনে হাজির হয় পুলিশ। গায়কের অভিযোগ, পুলিশ নোংরা ইশারা করে গান থামানোর ইঙ্গিত দেয়। মঞ্চ থেকেও নেমে যেতে বলে। আর তাতেই মেজাজ হারান শিলাজিৎ। পালটা পুলিশের উদ্দেশে শিল্পী বলেন, "এভাবে আমাকে অসম্মান করতে পারেন না আপনি। এর থেকে অনেক বেশি আওয়াজ সহ্য করতে হয় আপনাকে। উদ্যোক্তারা তো আমাকে রাত ১১টা পর্যন্ত শোয়ের সময় দিয়েছে। কিন্তু এগারোটা তো বাজেওনি এখনও।" এরপরই রেগে গিয়ে মঞ্চ ছাড়েন শিলাজিৎ। তবে এখানেই নয়!
"৩২ বছর ধরে পশ্চিমবঙ্গের বুকে গান গাইছি। আপনি আমাকে না চিনতেই পারেন, কিন্তু এখানে আসা বহু লোক আমাকে চেনে। আর পাঁচটা মিনিট ওদের জন্য গান গাইতে দিলে আপনাদের কী এমন সমস্যা হত? শিল্পীদের অসম্মান করছেন, ভোটের সময়...।"
মঞ্চ থেকে নামার সময়ে পুলিশকে তোপ দেগে গায়ক বলেন, "আপনি আমার সঙ্গে এমন করতে পারেন না। আমি মঞ্চ থেকে নেমে যাচ্ছি। কিন্তু স্যর, আমাকে এরকম বাজে ইঙ্গিত করে নামিয়ে দেবেন না। বিগত ৩২ বছর ধরে পশ্চিমবঙ্গের বুকে গান গাইছি। আপনি আমাকে না চিনতেই পারেন, কিন্তু এখানে আসা বহু লোক আমাকে চেনে। আর পাঁচটা মিনিট ওদের জন্য গান গাইতে দিলে আপনাদের কী এমন সমস্যা হত? শিল্পীদের অসম্মান করছেন, ভোটের সময় রাজনৈতিক দলগুলিকে কীভাবে আটকাবেন, সেটা দেখব।" আর শো থেকে সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় নিন্দার ঝড়! উল্লেখ্য, এর আগেও কৃষ্ণনগরে শো করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন শিলাজিৎ। এক ইনস্টা ভিডিওয় সেকথা তুলে ধরে আক্ষেপ প্রকাশ করেছিলেন তিনি। এবার ফের একবার খারাপ অভিজ্ঞতার সম্মুখীন শিলাজিৎ।
