পথ দুর্ঘটনার শিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে আচমকাই জানা যায়, দুর্ঘটনার কবলে পড়েছেন কবি, গীতিকার তথা পরিচালক। খবর প্রকাশ্যে আসতেই বাংলা সাহিত্যজগতে উদ্বেগের সৃষ্টি হয়েছে। কেমন আছেন শ্রীজাত এখন? উৎকণ্ঠায় তাঁর অনুরাগীমহল।
"শো করে ফেরার পথে শ্রীজাতর গাড়িতে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি গাড়ি। আর তাতেই পেশিতে চোট পান তিনি।"
এদিন দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পরই প্রথমটায় শোনা যায়, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কবি-গীতিকার! শ্রীজাতর শারীরিক পরিস্থিতির খবর নিতে তড়িঘড়ি সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর তরফে যোগাযোগ করা হয় দূর্বা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শ্রীজাতপত্নী জানালেন, "হাসপাতালে নয়, বাড়িতেই চিকিৎসা চলছে। দুর্ঘটনার জেরে পেশিতে চোট পেয়েছেন। তবে শ্রীজাত আপাতত ভালো রয়েছেন। বাড়িতেই চিকিৎসকের পরামর্শমতো চিকিৎসা চলছে তাঁর। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে গিয়েছেন শ্রীজাত।" কীভাবে এই দুর্ঘটনা ঘটল?
শ্রীজাত ও দূর্বা বন্দ্যোপাধ্যায়। ছবি- সংগৃহীত
দূর্বা বন্দ্যোপাধ্যায় জানালেন, শো করে বাড়ি ফেরার পথে সাঁতরাগাছিতে শ্রীজাতর গাড়িতে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি গাড়ি। আর তাতেই পেশিতে চোট পান তিনি। যদিও কবিপত্নী আশ্বস্ত করে জানিয়েছেন, সেরকম চিন্তার কিছু নেই। তবে জানা গিয়েছে, শ্রীজাতর গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই কবির শারীরিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলমের জোরে বরাবর মানুষের মন জয় করেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। কয়েক বছর আগে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘মানবজমিন’ উপন্যাস অবলম্বনে সিনেমাও পরিচালনা করেছেন। পরিচালক হিসেবে সেটাই তাঁর হাতেখড়ি। এরপর ভারতীয় সিনেদুনিয়ায় মাইলস্টোন তৈরি করা মেগাবাজেট দক্ষিণী ছবি 'পুষ্পা'র বাংলা সংস্করণের গান, সংলাপও তাঁরই লেখা।
