১৮১টা দেশের সঙ্গে চূড়ান্ত চুক্তি করে ফেলেছে ফিফা। চিনেও বিশ্বকাপ দেখা নিয়ে আর কোনও সমস্যা নেই। রইল বাকি শুধু ভারত। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ২৫ দিন বাকি। এদেশে বিশ্বকাপ দেখা নিয়ে সংশয় অব্যাহত। তবে সবটাই অন্ধকার নয়। চুক্তির জটিলতার মধ্যেও দু'টো সংস্থা বিশ্বকাপ দেখাতে এগিয়ে এসেছে। তার মধ্যে একটি সংস্থা হল- ইউটিউব। কিন্তু কী শর্ত রয়েছে?
১১ জুন থেকে আমেরিকা, মেক্সিকো ও কানাডার মাটিতে শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর। এবার ৪৮টি দেশ লড়বে বিশ্বচ্যাম্পিয়নের খেতাবের জন্য। তবে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য এখনও বড় প্রশ্ন, টিভিতে বা ডিজিটাল মাধ্যমে বিশ্বকাপ দেখা যাবে তো? আসলে ২০২৬ ও ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল দেখানোর জন্য ভারতে সম্প্রচারের স্বত্ব বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল ফিফা। প্রথমে এই স্বত্বের দাম রাখা হয় প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩০ কোটি টাকা। কিন্তু জিও ও সোনি এর থেকে অনেকটাই কম টাকার প্রস্তাব দেওয়ায় জটিলতা রয়েই গিয়েছে।
এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে দু'টি সংস্থা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মতে ইউটিউব প্রিমিয়াম ও অ্যামাজন প্রাইম বিশ্বকাপের স্বত্ব পাওয়ার দৌড়ে আছে। অর্থাৎ ইউটিউবে দেখা গেলেও 'প্রিমিয়ামে' টাকা দিয়ে দেখতে হবে। কিন্তু এই দু'টোই ডিজিটাল স্ট্রিমিং প্লাটফর্ম। ফলে টিভিতে দেখা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। দূরদর্শন ৫ কোটি টাকা প্রস্তাব দিয়েছে। তবে তাতে সব ম্যাচ দেখা যাবে না। শুধুমাত্র নকআউট পর্বের ম্যাচ দেখা যাবে।
আসলে আমেরিকা-কানাডা-মেক্সিকোয় আয়োজিত বিশ্বকাপের অধিকাংশ ম্যাচ ভারতীয় সময় গভীর রাতে। মূলত রাত সাড়ে বারোটা, দেড়টা, সাড়ে তিনটে, ভোর সাড়ে চারটে কিংবা সকাল সাড়ে ছটায়। সেই সময় কি বিপুল পরিমাণ দর্শক খেলা দেখবেন? সংশয়ে চ্যানেল সংস্থাগুলো। সম্ভবত সে কারণেই উৎসাহ হারাচ্ছে টেলিভিশন সংস্থা বা ওটিটি প্লাটফর্মগুলো।
