shono
Advertisement

Breaking News

FIFA World Cup

বিশ্বকাপে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার! এবার এই দলের হয়ে গলা ফাটাবেন ভারতের সমর্থকরা?

ভারতে বিশ্বকাপ নিয়ে জনপ্রিয়তা তুঙ্গে। মেসি-রোনাল্ডো-নেইমারদের নিয়ে রাত জাগেন সমর্থকরা। এবার তাঁদের মুখে হাসি এনে দেওয়ার মতো খবর।
Published By: Prasenjit DuttaPosted: 04:45 PM May 14, 2026Updated: 06:57 PM May 14, 2026

ফুটবল বিশ্বকাপ খেলা যে কোনও ভারতীয়র কাছে স্বপ্নের মতো। ১৪০ কোটির দেশ কখনও যোগ্যতা অর্জন করতে পারেনি। না খেললেও ভারতে বিশ্বকাপ নিয়ে জনপ্রিয়তা তুঙ্গে। মেসি-রোনাল্ডো-নেইমারদের নিয়ে রাত জাগেন সমর্থকরা। এবার তাঁদের মুখে হাসি এনে দেওয়ার মতো খবর। বিশ্বমঞ্চে এবার দেখা যেতে পারে ভারতীয় বংশোদ্ভূত তিন ফুটবলারকে। নিউজিল্যান্ড ও কাতার দলে জায়গা পেয়েছেন সরপ্রীত সিং, নাইল মেসন এবং তাহসিন মহম্মদ।

Advertisement

ভারতীয় বংশোদ্ভূত পরিবারে জন্ম নেওয়া সরপ্রীতকে বুধবার বিশ্বকাপের দলে রেখেছেন নিউজিল্যান্ড কোচ ড্যারেন বেজেলি। অকল্যান্ডে জন্ম নেওয়া ২৭ বছরের এই মিডফিল্ডার বংশসূত্রে ভারতের হয়ে খেলার যোগ্যতা পেলেও শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। ২০১৮ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে 'অল হোয়াইটসে'র নিয়মিত সদস্য তিনি। এখনও পর্যন্ত কিউয়িদের হয়ে ২৬টি ম্যাচে ৩ গোল ও ৭টি অ্যাসিস্ট করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

অন্যদিকে, ৩৪ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কাতার কোচ হুলেন লোপেতেগি। সেখানে সুযোগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত দুই ফুটবলার নাইল মেসন ও তাহসিন মহম্মদ। ডিফেন্ডার নাইলের মা ভারতীয়। যুব পর্যায়ে তিনি খেলেছেন রিয়াল মাদ্রিদ, সাউদাম্পটন এবং অ্যাস্টন ভিলার মতো ক্লাবের হয়ে। চলতি বছরের মার্চে প্রথমবার কাতারের সিনিয়র দলে ডাক পেলেও এখনও জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি তাঁর।

১৯ বছরের উইঙ্গার তাহসিন মহম্মদের বাবা জামশিদ কেরলের থালাসেরির বাসিন্দা। মা শাইমা কন্নুর জেলার ভালাপাট্টানমের মেয়ে। ১৭ বছর বয়সেই কাতার স্টারস লিগে খেলা প্রথম ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার হিসাবে ইতিমধ্যেই নজর কেড়েছেন তাহসিন। কাতারের সিনিয়র দলের হয়ে এখনও পর্যন্ত দু'টি ম্যাচ খেলেছেন তিনি। ২০২৪ সালের জুনে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নেমেছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ৪ জুনের মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলিকে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে। এর প্রায় দিন কুড়ি আগে নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেন ভারতীয় বংশোদ্ভূত সরপ্রীত। এবার নজর কাতারের ২৬ দলের দলে কোনও ভারতীয় বংশোদ্ভূত সুযোগ পান কিনা। তবে অনেকেই বলছেন, এবার এই দলগুলির হয়েও গলা ফাটাবেন ভারতের সমর্থকরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement