৪১ বছর বয়সে হল স্বপ্নপূরণ! ফুটবলকে ভালোবেসে বিরাট ঘোষণা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। নতুন দায়িত্বে দেখা যাবে তাঁকে। স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন তিনি। স্প্যানিশ লিগের দ্বিতীয় ডিভিশনের ক্লাব ইউনিয়ন দে পোর্তিভা আলমেইরার ২৫ শতাংশ শেয়ার কিনেছেন সিআর৭। ফলে কোনও ফুটবল ক্লাবের মালিক হওয়ার ইচ্ছাপূরণ হচ্ছে পর্তুগিজ মহাতারকার।
জানা গিয়েছে, 'সিআরসেভেন স্পোর্টস ইনভেস্টমেন্ট কোম্পানি'র মাধ্যমে আর্থিক লেনদেন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে এই বিনিয়োগের বিস্তারিত শর্তাবলি এখনও খোলসা করা হয়নি। রোনাল্ডোর দীর্ঘমেয়াদি কৌশলগত বিনিয়োগ হিসাবে দেখা হচ্ছে একে। আলমেরিয়ার মালিকানার শেয়ার কেনার কথা নিশ্চিত করেছেন ফুটবলার নিজেই।
দিন তিনেক আগেই একমাত্র ফুটবলার হিসাবে ৩০ পেরনোর পর ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। একই সঙ্গে ৯৬৫ গোলের মাইলফলক ছুঁয়েছেন। আল নাসেরকে শীর্ষেও তুলেছেন ৪১ বছর বয়সি কিংবদন্তি ফুটবলার। এবার স্প্যানিশ লিগের দ্বিতীয় ডিভিশন দলের শেয়ার কিনে এক বিবৃতিতে তিনি বলেন, 'ফুটবল মাঠের বাইরেও এই খেলায় অবদান রাখার দীর্ঘদিনের ইচ্ছা ছিল। শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকা ক্লাব ইউডি আলমেরিয়া। তাদের উন্নতির সমূহ সম্ভাবনা রয়েছে। সেই যাত্রায় তাদের সাহায্য করতে প্রস্তুত। ক্লাবটির সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।'
গত বছর সৌদি আরবের বিনিয়োগকারী একটি গ্রুপ ক্লাবটির মালিকানা নিয়েছিল। এবার পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনাল্ডোকে পেয়ে খুশি আলমেরিয়ার সভাপতি আল খেরেইজি। ক্লাবের তরফে এক বিবৃতিতে তিনি বলেন, 'ক্রিশ্চিয়ানো আমাদের ক্লাবকে বিনিয়োগের জন্য বেছে নিয়েছেন বলে আমরা খুবই আনন্দিত।' এবার রোনাল্ডোর সংস্পর্শে আলমেইরা লা লিগার মূল পর্বে উন্নীত হয় কি না, তা সময়ই বলবে।
