shono
Advertisement
UEFA Champions League

চূড়ান্ত চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬, শেষ মুহূর্তে সুযোগ রিয়ালের, চমক তুরস্কের ক্লাবের

লিগ পর্ব থেকে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছিল আট দল। এবার নিশ্চিত হল বাকি দলগুলি।
Published By: Prasenjit DuttaPosted: 01:54 PM Feb 26, 2026Updated: 06:39 PM Feb 26, 2026

হাড্ডাহাড্ডি ম্যাচের পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA champions League) শেষ ষোলোয় উঠল রিয়াল মাদ্রিদ। এর সঙ্গে প্লে-অফ থেকে নিশ্চিত হয়ে গেল আট দল। 'লস ব্লাঙ্কোস'রা ছাড়া বাকি সাত দল হল পিএসজি, আটলান্টা, বোডো-গ্লিমট, অ্যাটলেটিকো মাদ্রিদ, গালাতাসারে, বায়ার লেভারকুসেন এবং নিউক্যাসল। লিগ পর্ব থেকে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছিল আট দল। এবার নিশ্চিত হল বাকি দলগুলি।

Advertisement

প্লে-অফে সবচেয়ে বড় চমকের নাম বোডো-গ্লিমট। গতবারের রানার্স দল ইন্টার মিলানকে দুই লেগেই হারিয়ে দিয়েছে তারা। শেষ ষোলোয় পৌঁছনো তাদের কাছে অনেকটা স্বপ্নের উড়ানের মতো। একইভাবে মুগ্ধ করেছে আটলান্টা। বরুসিয়া ডর্টমুন্ডকে ফিরতি লেগে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। মনে রাখতে হবে, এই ডর্টমুন্ডের কাছে প্রথম লেগে ০-২ গোলে হার মেনেছিল তারা। দ্বিতীয় লেগের ম্যাচে মধুর প্রতিশোধ নিল আটলান্টা।

টানটান লড়াইয়ে জুভেন্টাসকে দুই লেগ মিলিয়ে ৭-৫ গোলে হারিয়েছে গালাতাসারে। প্রথম লেগে গালাতাসাইরের কাছে ৫-২ গোলে হারের পর দ্বিতীয় লেগে জুভেন্টাস জেতে ৩-২ গোলে। ফলে আশা জাগিয়েও হতাশ করল তারা। ২০১৩-১৪ মরশুমের পর এই প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় প্রবেশ করল গালাতাসাইরে।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং পিএসজি'র মতো দল সহজেই প্লে-অফের বাধা পেরিয়েছে। গত কাল বেনফিকাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দুই লিগ মিলিয়ে তারা জয়ী হয়েছে ৩-১ গোলে। প্রশ্ন হল, লিগ পর্ব থেকে সরাসরি শেষ ষোলোয় ওঠা আট দল কারা? উত্তর হল, আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং লিসবন ও ম্যানচেস্টার সিটি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফির লড়াইয়ে কিছু দিন পর থেকেই মুখোমুখি হবে দলগুলি। জানা গিয়েছে, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement