shono
Advertisement
East Bengal

ছেলেদের 'ফাইনালে'র আগেই ইস্টবেঙ্গলে সেলিব্রেশন, ফের চ্যাম্পিয়ন লাল-হলুদের মেয়েরা

১২ গোল দিয়ে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। গোটা টুর্নামেন্ট জুড়ে অপরাজিত ছিল লাল-হলুদের মেয়েরা। ১০ দিনের মধ্যে জিতল দ্বিমুকুট।
Published By: Arpan DasPosted: 06:29 PM May 21, 2026Updated: 06:43 PM May 21, 2026

আর কিছুক্ষণ পরই আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে ইস্টবেঙ্গলের ছেলেদের দল। তার আগেই দ্বিমুকুট চ্যাম্পিয়ন মেয়েরা। দশ দিন আগেই ইন্ডিয়ান ওমেন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। এবার কন্যাশ্রী কাপও জিতল লাল-হলুদ বাহিনী। এসএসবি ওমেন এফসিকে ১২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার কন্যাশ্রী কাপ ঘরে তুলল অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা।

Advertisement

গতবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে হারিয়ে সেরার শিরোপা অর্জন করেছিল ইস্টবেঙ্গলের মহিলা দল। এবার চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ ম্যাচে ঘরের মাঠে এসএসবি ওমেনকে হাসতে হাসতে ওড়াল মশাল গার্লসরা। প্রথমার্ধেই ইস্টবেঙ্গল ৭ গোলে এগিয়ে ছিল। শেষ পর্যন্ত স্কোরলাইন দাঁড়ায় ১২-১। ইস্টবেঙ্গলের হয়ে ৬টি গোল করেন সুলাঞ্জনা রাউল। দু'টি গোল সন্ধ্যা মাইতির। একটি করে গোল পূর্ণিমা দাস, সুপ্রিয়া কিসপোত্তা, আন্টাসিয়া ওরাওঁ, সাথী দেবনাথের।

কন্যাশ্রী কাপে একটি ম্যাচও হারেনি ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বে ৭টি ম্যাচে ৭টি জয়, মোট পয়েন্ট ছিল ২১। গোল করেছে ৫১টি এবং বিপক্ষ গোল করেছে মাত্র ১টি। এরপর চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ৪টি ম্যাচে ৪টিই জিতেছে ইস্টবেঙ্গল। যেখানে গোল করেছে ৩৯টি। এবং হজম করেছে মাত্র একটি। সর্বোচ্চ গোলদাতা অষ্টম ওরাওঁ। তিনি গোল করেছেন ১৪টি। টানা দু'বার ভারতসেরা হয়েছে ইস্টবেঙ্গলের মেয়েরা। আবার টানা দু'বার কন্যাশ্রী কাপও চ্যাম্পিয়ন হল।

বিকেলে মেয়েদের এই সাফল্যের পর রাত সাড়ে সাতটায় ইন্টার কাশীর বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গলের পুরুষ দল। সেই ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন। মেয়েদের সাফল্য কি বাড়তি অনুপ্রেরণা যোগাবে অস্কার ব্রুজোর দলকে? উত্তর সময়ের অপেক্ষা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement