shono
Advertisement
FIFA World Cup

রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করলেই লাল কার্ড! বিশ্বকাপে বড়সড় শাস্তি আনছে ফিফা

আসন্ন বিশ্বকাপে ফুটবলারদের 'অভব্যতা' নিয়ে কড়া হচ্ছে ফিফা। ফিফা কংগ্রেসের বৈঠকের আগে এই নতুন নিয়মে সিলমোহর দিয়ে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
Published By: Anwesha AdhikaryPosted: 11:48 AM Apr 30, 2026Updated: 11:48 AM Apr 30, 2026

আসন্ন বিশ্বকাপে ফুটবলারদের 'অভব্যতা' নিয়ে কড়া হচ্ছে ফিফা। খেলা চলাকালীন বিপক্ষের প্লেয়ারের সঙ্গে তর্কাতর্কির সময় কোনও প্লেয়ার যদি জার্সি বা হাত দিয়ে নিজের মুখ ঢেলে ফেলেন, কিংবা রেফারির সিদ্ধান্তে অসন্তোষ দেখিয়ে মাঠ ছাড়েন, তা হলে সংশ্লিষ্ট প্লেয়ারকে সোজা লাল কার্ড দেখিয়ে দেওয়া হতে পারে! খবর যা, ফিফা কংগ্রেসের বৈঠকের আগে এই দুই বদলে সিলমোহর দিয়ে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। জানিয়ে দেওয়া হয়েছে, ফুটবল বিশ্বকাপ থেকে সেই নিয়ম বদল প্রয়োগ করা হবে। তবে বিশ্বকাপ বাদে অন্যান্য টুর্নামেন্টে এই নিয়ম-বদল প্রযোজ্য হবে কি না, তা নির্ভর করবে সে সমস্ত টুর্নামেন্টের আয়োজকদের উপর।

Advertisement

রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছাড়ার শাস্তি হিসেবে প্লেয়ারকে লাল কার্ড দেখানোর যে সিদ্ধান্ত নিতে চলেছে ফিফা, তার কারণ এ বছরের আফ্রিকা নেশনস ফাইনাল। সেই ম্যাচে রেফারির পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের একাধিক প্লেয়ার মাঠ ছেড়ে বেরিয়ে যান। কিন্তু মজার হল, মরক্কোর ব্রাহিম দিয়াজ সেই পেনাল্টি মিস করেন। এবং শেষ পর্যন্ত মাঠে ফিরে এসে ফাইনাল জেতেন সেনেগাল প্লেয়াররাই! একস্ট্রা টাইমে। ফিফার পক্ষ থেকে এক বিবৃতি মারফত বলা হয়েছে, 'কোনও প্লেয়ার যদি রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছাড়ে, তা হলে তাকে লাল কার্ড দেখানো হতে পারে। তবে সেটা পুরোপুরি নির্ভর করবে আয়োজকদের উপর।'সঙ্গে আরও জুড়ে দেওয়া হয়েছে, 'শুধুমাত্র প্লেয়ার নয়। কোনও টিম অফিশিয়াল যদি দলের প্লেয়ারকে উসকায় মাঠ ছাড়তে, তা হলে তাকেও লাল কার্ড দেখানো হবে। কোনও টিম যদি খেলা পণ্ড করে দেওয়ার চেষ্টা করে, তা হলে বিপক্ষ টিম ওয়াকওভার পেয়ে যাবে।'

একইরকম ভাবে বিপক্ষের প্লেয়ারের সঙ্গে তর্কাতর্কি করার সময় কেউ যদি জার্সি বা হাত দিয়ে মুখ ঢেকে নেন, তা হলেও লাল কার্ড দেখানো হবে। যার নেপথ্যে আবার ব্রাজিলের তারকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে ঘটা অপ্রীতিকর ঘটনা। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচে বেনফিকা প্লেয়ার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে ভিনিসিয়াস অভিযোগ এনেছিলেন যে, নিজের মুখ জার্সি দিয়ে ঢেকে তাঁর উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন প্রেস্তিয়ান্নি। যার পর বেনফিকা প্লেয়ারকে ছয় ম্যাচের নির্বাসনে পাঠিয়েছে উয়েফা। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো-তিনিও কঠোর শাস্তির দাবি তুলেছিলেন। মহাবিতর্কিত আফ্রিকান নেশসন কাপ ফাইনাল নিয়েও বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি। যার পর এ হেন কড়া পথ বিশ্বকাপে অবলম্বন করতে চলেছে ফিফা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement