shono
Advertisement
FIFA World Cup

জোড়া হলুদ কার্ড দেখলেও হবে না নির্বাসন, বিশ্বকাপে কেন নিয়মবদল করছে ফিফা?

দল বেড়েছে বিশ্বকাপে। বাড়ছে ম্যাচের সংখ্যাও। হলুদ কার্ডের শাস্তি সংক্রান্ত নিয়ম বদল করার পথে হাঁটতে চলেছে ফিফা।
Published By: Arpan DasPosted: 12:43 PM Apr 29, 2026Updated: 12:43 PM Apr 29, 2026

দল বেড়েছে বিশ্বকাপে। বাড়ছে ম্যাচের সংখ্যাও। এবার প্রি-কোয়ার্টার ফাইনালের আগে একটা অতিরিক্ত রাউন্ড খেলতে হবে। তাই হলুদ কার্ডের শাস্তি সংক্রান্ত নিয়ম বদল করার পথে হাঁটতে চলেছে ফিফা। বিশ্বকাপে একবার নয়, দু’বার হলুদ কার্ডের পরিসংখ্যান মুছে ফেলা হবে ফুটবলারদের রেকর্ড থেকে। মঙ্গলবার ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিল বৈঠকেই এই পরিকল্পনায় সিলমোহর পরতে চলেছে বলে খবর।

Advertisement

বর্তমান নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে দু’টো হলুদ কার্ড দেখলে একটা ম্যাচ নির্বাসিত থাকেন ফুটবলাররা। এতদিন কোয়ার্টার ফাইনালের পর হলুদ কার্ডের রেকর্ড ‘রিসেট’ করা হত। অর্থাৎ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত একটা হলুদ কার্ড দেখা কোনও ফুটবলার যদি সেমিফাইনালেও একই শাস্তি পান, তবে তাঁর ফাইনাল খেলতে সমস্যা হয় না। কারণ সেমিফাইনালে পৌঁছানোর পর তাঁর রেকর্ড থেকে আগের হলুদ কার্ড মুছে ফেলা হয়। গত বিশ্বকাপ পর্যন্ত সেমিফাইনালে ওঠার জন্য দলগুলি পাঁচটা ম্যাচ খেলত। এবার ৪৮ দেশের বিশ্বকাপ। নকআউট পর্বে যাবে ৩২ দল। ফলে প্রি-কোয়ার্টার ফাইনালের আগে একটা বাড়তি রাউন্ড খেলতে হবে। ফলে হলুদ কার্ড দেখে নির্বাসনের সম্ভাবনা আরও বেশি এবার। সেকথা মাথায় রেখে দু’বার হলুদ কার্ডের রেকর্ড ‘রিসেট’ করার সিদ্ধান্ত নিতে চলেছে ফিফা। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালের পাশাপাশি গ্রুপ পর্বের শেষে এই প্রক্রিয়া অনুসরণ করা হবে। অর্থাৎ সব ফুটবলারই নকআউট পর্ব শুরু করবেন হলুদ কার্ডের বোঝা ছাড়া।

ফিফার একাংশের আশঙ্কা, নিয়ম পরিবর্তন না হলে বহু ফুটবলার সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে নির্বাসিত হতে পারেন। যা নিয়ে বড় বিতর্ক হতে পারে। নিয়ম বদলের পথে হাঁটছে ফিফা। প্রাথমিকভাবে তারা ভিন্ন পরিকল্পনা নিয়েছিল। নির্বাসনের মাপকাঠি দু’টি হলুদ কার্ডের পরিবর্তে তিনটি করার কথা আলোচনা হয়েছিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার অন্দরে। দু’বার ‘রিসেট’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রুপ পর্বের তিন ম্যাচে কোনও ফুটবলার জোড়া হলুদ কার্ড দেখলেও নকআউট পর্বে খেলতে সমস্যা হবে না। নকআউটের প্রথম তিন রাউন্ডে দু’বার শাস্তি পেলেও, সেমিফাইনালে উঠলে খেলতে পারবেন ফুটবলাররা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement