shono
Advertisement

Breaking News

Uruguay vs Cape Verde

কেপ ভার্দের কাছে আটকে গেল উরুগুয়েও, নকআউটে যাওয়ার স্বপ্ন দেখছে আফ্রিকার ‘পুঁচকে’ দেশ

তাদের হালকাভাবে নিলে যে ভুগতে হবে, তা আরও একবার দেখিয়ে দিল আফ্রিকান ইউনিয়নের এই সদস্য রাষ্ট্র। এবার উরুগুয়েকে রুখে দিল তারা। ম্যাচের পর কী বলছেন কেপ ভার্দে কোচ?
Published By: Prasenjit DuttaPosted: 10:33 AM Jun 22, 2026Updated: 02:39 PM Jun 22, 2026

কয়েক দিন আগে স্পেনের বিরুদ্ধে ড্র করে তাক লাগিয়ে দিয়েছিল কেপ ভার্দে। তা যে একেবারেই কাকতালীয় ছিল না, প্রমাণ করল তারা। এবার উরুগুয়েকেও আটকে দিল তারা (Uruguay vs Cape Verde)। ম্যাচের ফলাফল ২-২। টানা দু'ম্যাচে পয়েন্ট পেয়ে বিশ্বকাপে নকআউট পর্বে স্বপ্ন দেখছে পাঁচ লক্ষ জনসংখ্যার এই দেশ। শেষ ম্যাচে সৌদি আরবকে হারাতে পারলেই পরের রাউন্ডে চলে যাবে 'পুঁচকে' কেপ ভার্দে।

Advertisement

তাদের হালকাভাবে নিলে যে ভুগতে হবে, তা আরও একবার দেখিয়ে দিল আফ্রিকান ইউনিয়নের এই সদস্য রাষ্ট্র। স্পেনের বিরুদ্ধে রক্ষণের প্রাচীর তুলে পয়েন্ট পেয়েছিল তারা। সেই রক্ষণ একবারের জন্যও ভাঙতে পারেনি ২০১০ সালের বিশ্বজয়ী দল। উরুগুয়ের বিরুদ্ধে অবশ্য জেতার চেষ্টা করেছে কেপ ভার্দে। দু'গোল খেলেও দু'গোল দিয়েছে। ২১ মিনিটে কেভিন পিনার গোলে এগিয়ে যায় তারা। কিন্তু বিরতির ঠিক আগে কয়েক মিনিটের ব্যবধানে জোড়া গোল করে উরুগুয়ে। ম্যাক্সিমিলিয়ানো আরাউহো ও আগুস্তিন কানোবায়োর গোলে এগিয়ে যায় লাতিন আমেরিকার দেশ। উল্লেখ্য, বিশ্বকাপে টানা দুই ম্যাচে গোল করলেন ভারতীয় বংশোদ্ভূত আরাউহো। দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে হেলিও ভারেলার গোলে সমতা ফেরায় কেপ ভার্দে। এরপর ফের দেখা যায় প্রখ্যাত সেই রক্ষণ। বাকি সময়ে সেই রক্ষণ ভাঙতে পারেনি উরুগুয়ে।

ছবি সংগৃহীত।

এই ম্যাচের পর গ্রুপ এইচে উরুগুয়ে ও কেপ ভার্দের পয়েন্ট ২। তবে গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়ের সামনে স্পেন। ফলে লাতিন আমেরিকার দলের সামনে কঠিন চ্যালেঞ্জ। অন্যদিকে কেপ ভার্দে নামবে সৌদির বিরুদ্ধে। এবারের বিশ্বকাপে সৌদি যা খেলছে, তাতে তাদের হারানো অসম্ভব নয়। শেষ ম্যাচ জিতলে কেপ ভার্দের পয়েন্ট হবে ৫। সেক্ষেত্রে তাদের পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত। ম্যাচের পর দলের কোচ বুবিস্তা বলেন, "মাঠে নামলে আমরা দেখি না সামনে কতটা শক্তিশালী দল রয়েছে। বিশ্বকাপে (FIFA World Cup 2026) প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, সবাই চাপে থাকে। আমরা সেটাই কাজে লাগাতে চেষ্টা করি। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলি।" আর্থিকভাবে সচ্ছল নয় কেপ ভার্দে। বহু সমস্যায় জর্জরিত তারা। ফুটবলেই তার জবাব দিতে চান বুবিস্তারা। তাঁর সংযোজন, "আমাদের জীবন খুব কঠিন। আর্থিক সমস্যা রয়েছে। তাই ফুটবলই আমাদের স্বপ্ন। আমরা তার পিছনেই ছুটছি।"

ছবি সংগৃহীত।

উল্লেখ্য, দিনের শুরুটা হয়েছিল স্পেনের হাত ধরে। প্রথম ম্যাচে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে জাত চিনিয়েছে। সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়েছে তারা। নজর কেড়েছেন লামিন ইয়ামাল। গোল করেছেন। তবে আরও এক বার হতাশ করেছে বেলজিয়াম। প্রথম ম্যাচে মিশরের পর দ্বিতীয় ম্যাচে ইরানের বিরুদ্ধেও ড্র করেছে তারা। ১০ জনে হয়ে যাওয়ায় বেলজিয়ামের পক্ষে জেতা কঠিন হয়ে পড়ে। পরপর ম্যাচে পয়েন্ট নষ্ট করে নিজেদের পথ নিজেরাই কঠিন করে ফেলেছেন রোমেলো লুকাকুরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement