shono
Advertisement

Breaking News

England Football Team

বিশ্বকাপে নামার আগেই চুরি গেল ইংরেজ ফুটবলারদের বুট, প্রশ্নে আমেরিকার নিরাপত্তা ব্যবস্থা

বিশ্বকাপ শুরুর আগেই মহাবিপদে ইংল্যান্ড। শনিবার কানসাস সিটিতে পৌঁছনোর আগেই চুরি হয়ে গেল ইংরেজ তারকাদের বুট, বল ও অন্যান্য সরঞ্জাম। পুলিশ আপাতত দু'জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু চুরি যাওয়া সামগ্রীর এখনও পর্যন্ত খোঁজ মেলেনি।
Published By: Arpan DasPosted: 11:07 AM Jun 13, 2026Updated: 04:01 PM Jun 13, 2026

বিশ্বকাপ শুরুর আগেই মহাবিপদে ইংল্যান্ড (England Football Team)। শনিবার কানসাস সিটিতে পৌঁছনোর আগেই চুরি হয়ে গেল ইংরেজ তারকাদের বুট, বল ও অন্যান্য সরঞ্জাম। পুলিশ আপাতত দু'জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু চুরি যাওয়া সামগ্রীর এখনও পর্যন্ত খোঁজ মেলেনি।

Advertisement

হ্যারি কেনদের বিশ্বকাপ (FIFA World Cup 2026) অভিযান একটু দেরিতে শুরু হবে। 'এল' গ্রুপে ১৭ জুন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ টমাস টুখেলের দলের। ফুটবলারদের মানসিকভাবে তরতাজা রাখতে দেড়দিনের ছুটি দিয়েছিলেন তিনি। এতদিন ফ্লোরিডায় বিশ্বকাপের প্রস্তুতি পর্ব সারছিলেন জুড বেলিংহ্যামরা। সেখান থেকে সদ্য মিসৌরির সোপ সকার ভিলেজে চলে এসেছেন ফুটবলাররা। আর এই মাঝপথেই চুরির ঘটনাটি ঘটেছে বলে অনুমান।

জানা গিয়েছে, ইংল্যান্ডের ফুটবলারদের বুট চুরি গিয়েছে। এছাড়া অনুশীলের জন্য বল ও অন্যান্য সামগ্রী চুরি গিয়েছে। শনিবার দুপুর থেকেই সোপ সকার ভিলেজে অনুশীলন শুরু করার কথা ছিল হ্যারি কেনদের। তার আগে বুট চুরি যাওয়ার মহা সমস্যায় ইংল্যান্ড। এখনও পর্যন্ত কানসাস সিটির পুলিশ দু'জনকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদ চলছে। স্থানীয় পুলিশ চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা করছে। তবে কীভাবে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে এত বড় চুরির ঘটনা ঘটতে পারে, সেটা প্রশ্ন তুলে দিচ্ছে। এই ঘটনা নিয়ে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন মুখ খুলতে রাজি হয়নি।

১৯৬৬-র পর বিশ্বকাপ জেতেনি ইংল্যান্ড। প্রতিবার 'ইটস কামিং হোম' অর্থাৎ 'ফুটবলের নিজের ঘরে প্রত্যাবর্তনে'র ধ্বনি উঠলেও তা ব্যর্থই হয়। ইউরোয় পরপর দু'বার ফাইনালে উঠে হারতে হয়েছে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে প্রথম ম্যাচ ইংল্যান্ডের। শোনা যাচ্ছে, গরমের জন্য ম্যাচের সময় ইংল্যান্ডের রিজার্ভ বেঞ্চে ফুটবলাররা থাকবেন না। থাকবেন ড্রেসিংরুমে। প্রয়োজনে বেঞ্চে আসবেন তাঁরা। তবে সাপোর্ট স্টাফরা থাকবেন বেঞ্চে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement