মাস তিনেক আগের কথা। ফ্রান্সের বয়সভিত্তিক জাতীয় দলের অধিনায়ক ছিলেন আয়ুব বুয়াদ্দি (Ayyoub Bouaddi)। এখনও ফ্রান্সের সোশাল মিডিয়া হ্যান্ডেলে তা জ্বলজ্বল করছে। কিন্তু বিশ্বকাপের একমাস আগে দেশবদল। বুয়াদ্দি সিদ্ধান্ত নিলেন মা-বাবার দেশ মরক্কোর হয়ে খেলবেন। মাত্র ১৮ বছর বয়সে বিশ্বকাপে (FIFA World Cup 2026) অভিষেক। আর প্রথম ম্যাচেই পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিলকে রুখে দিলেন এই মিডফিল্ডার। এখন তাঁর পিছনে ৭০০ কোটি টাকা খরচ করতে মুখিয়ে ইউরোপের ক্লাবগুলো।
২০০৭ সালে ফ্রান্সে জন্ম বুয়াদ্দির। মা-বাবা দুজনেই মরক্কোর আদি বাসিন্দা। ৬ ফুট ১ ইঞ্চির মিডফিল্ডারের কেরিয়ার শুরু ফরাসি ক্লাব লিলে-তে। ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক ছিলেন। এমনকী অনূর্ধ্ব-২১ ইউরো যোগ্যতা অর্জন পর্বেও খেলেছেন। কিন্তু তারকা বোঝাই ফ্রান্সের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া মুশকিল। হঠাৎই তিনি মরক্কোর হয়ে খেলার আবেদন জানান। মাস খানেক আগে ফিফা সেই আবেদন মঞ্জুর করে। অবশেষে মরক্কোর হয়ে বিশ্বকাপে অভিষেক। কে বলবে, আন্তর্জাতিক কেরিয়ারে বুয়াদ্দি মাত্র তিনটি ম্যাচ খেলেছেন।
ব্রাজিলের বিরুদ্ধে বুয়াদ্দি গোল বা অ্যাসিস্ট করেননি। তবু ১-১ গোলে ম্যাচ ড্রয়ে সবচেয়ে বেশি ভূমিকা বুয়াদ্দির। ৯১ শতাংশ সঠিক পাস। ৬ বার বলের দখল উদ্ধার করেছেন। ৯ বার ব্রাজিল তারকাদের ছিটকে দিয়েছেন। একটা সময়, প্রায় মাঠের সব জায়গাতেই দেখা যাচ্ছিল বুয়াদ্দিকে। ১৮ বছরের 'অনভিজ্ঞ' ফুটবলারকে মাঠে নামাতে ভয় পাননি মরক্কো কোচ মোহামেদ ওয়াহবি। তাঁর সাফ যুক্তি, "আমি প্লেয়ারদের বয়স নিয়ে ভাবি না। ব্রাজিলের মতো বড় ম্যাচই তো নিজেদের প্রমাণ করার জায়গা। লোকে আজ ওকে দেখে মুগ্ধ। কিন্তু আমি ওর প্রতিভা জানি।"
কিন্তু হঠাৎ ফ্রান্সকে ছেড়ে মরক্কোকে বেছে নিয়েছেন কেন বুয়াদ্দি? তিনি বলেছিলেন, "কোচ ও ফুটবল সভাপতি আমাকে বলেন যে মরক্কোকে বেছে নেওয়া সঠিক সিদ্ধান্ত। আমি দারুণ অভ্যর্থনা পাব। সেটাই পেয়েছি। মরক্কোর পরিকাঠামো দারুণ।" এই মুহূর্তে বুয়াদ্দির বাজার মূল্য ৭০০ কোটি টাকা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, আর্সেনাল, পিএসজি'র মতো ক্লাব তাঁকে কেনার জন্য মুখিয়ে আছে।
