ক্ষোভে ফেটে পড়েছেন যুরগেন ক্লপ। লিভারপুল এবং বরুশিয়া ডর্টমুন্ডের প্রাক্তন তারকা কোচ কিছুতেই বিশ্বকাপ (FIFA World Cup 2026) থেকে জার্মানির বিদায় মেনে নিতে পারছেন না। ৩২তম রাউন্ডে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে জার্মানি বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে।
ক্লপ এই মুহূর্তে কোনও ক্লাবের কোচিংয়ের সঙ্গে যুক্ত নন। তবে ফুটবলের সঙ্গে জড়িত আছেন। ম্যাজেন্টা টিভিতে ধারাভাষ্যকার হিসাবে তিনি কাজ করছেন। জার্মানির ছিটকে যাওয়ার পর দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে ক্লপ বলেন, ‘‘একটা ফুটবল ম্যাচ জেতার জন্য পাঁচ লক্ষ উপায় আছে। আপনাকে শুধু সঠিক উপায়টা খুঁজে বার করতে হবে। আমাদের স্বপ্ন ছিল একটাই, আর সেই স্বপ্ন ধ্বংস হয়ে গেল। নাটকের মতো মনে হচ্ছে। কোনও সন্দেহ নেই, আমরা মোটেই ভালো খেলিনি।’’
প্রতিপক্ষের রক্ষণকে ভাঙার জন্য যে সৃজনশীল ফুটবলের প্রয়োজন হয়, তার অভাব জার্মানির দলে ছিল। এ কথা যেমন জানিয়েছেন ক্লপ, তেমনই রেফারিংয়েরও সমালোচনা করেছেন। অতিরিক্ত সময়ে জার্মানির জোনাথন টাহ-র গোলটি কেন বাতিল হল বুঝতে পারছেন না তারকা কোচ। তিনি আর্সেনালের উদাহরণ টেনে বলেছেন, ‘‘টাহ-র গোলটা যদি বাতিল হয়, তা হলে আর্সেনালও ইপিএল চ্যাম্পিয়ন হয় না।’’
এই ব্যর্থতার পর সকলেই জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ দাবি করেছেন। অনেকেই মনে করছেন, জার্মানির জাতীয় দলের কোচের পদে উপযুক্ত ব্যক্তি হলেন ক্লপ। যদিও ক্লপ এইমুহূর্তে এই সমস্ত বিষয় নিয়ে কোনও কথা বলতে রাজি নন। তিনি বলেছেন, ‘‘আমি এসব নিয়ে ভাবছি না। যখনই জার্মানির জাতীয় দলের কোচের প্রসঙ্গ আসে, তখনই আমার নাম চলে আসে। ব্যাপারটা আমি বুঝি। কিন্তু এখন এই বিষয় নিয়ে কথা বলা উচিত নয়। আমি এখন একটা দায়িত্বে আছি। রেড বুলের গ্লোবাল ডিরেক্টর অফ ফুটবল হিসাবে কাজ করছি।’’
