shono
Advertisement
Sadio Mane

১৪ বছরের ফুটবল কেরিয়ারে ইতি, বিশ্বকাপ ব্যর্থতায় বুট জোড়া তুলে রাখলেন সাদিও মানে

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে। এক বিবৃতিতে অবসরের কথা ঘোষণা করেন মানে।
Published By: Prasenjit DuttaPosted: 08:17 PM Jul 10, 2026Updated: 08:17 PM Jul 10, 2026

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে। বিশ্বকাপে আশা জাগিয়েও ব্যর্থ হয়েছে সেনেগাল। প্রি-কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ৩-২ গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে 'লায়ন্স অব তেরাঙ্গা' সেই হতাশায় বুট জোড়া তুলে রাখলেন ৩৪ বছর বয়সি তারকা। 

Advertisement

এক বিবৃতিতে অবসরের কথা ঘোষণা করেন মানে। আবেগঘন বার্তায় তিনি বলেন, "দেশের জন্য সবকিছু ত্যাগ করেছি। নিজের সেরাটা উজাড় করে দিয়েছি। মাতৃভূমির জন্য জানপ্রাণ দিয়ে লড়াই করেছি।" সমর্থকদেরও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। তাঁদের কাছে ক্ষমা চেয়ে তিনি জানিয়েছেন, কেরিয়ারে কখনও তাঁদের হতাশ করে থাকলে তাঁকে যেন মার্জনা করে দেওয়া হয়। এর মধ্যে দিয়ে ১৪ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন তিনি।

দেশের হয়ে ১৩০টি ম্যাচে ৫৪ গোল করেছেন মানে। রয়েছে ২৯টি অ্যাসিস্টও। ২০২১ সালের আফ্রিকান কাপ অফ নেশনস জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলন এই তারকা। দীর্ঘদিন লিভারপুলের হয়ে খেলেছেন তিনি। এর আগে ফরাসি ক্লাব এফসি মেটজের হয়ে দ্যুতি ছড়িয়েছিলেন। ২০১২ সালে সেনেগালের জার্সি গায়ে অভিষেক হয় তাঁর।

ফুটবলার হিসাবে আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেও ফুটবলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না। নতুন ভূমিকায় ফিরতে চান মানে। তিনি বলেন, "আমার অভিজ্ঞতা দেশের সেবায় কাজে লাগাতে চাই। যা আমি আনন্দের সঙ্গেই করব।" তাহলে কি কোচ হিসাবে দেখা যাবে তাঁকে? মানের কথায়, "সেটা হতে পারে কোনও টেকনিক্যাল স্টাফের অংশ হিসাবে। আবার কোচ হিসাবে সাইড লাইনে থেকেও দলের কাজে লাগতে পারি। অথবা ফুটবল প্রশাসনের দায়িত্বেও দেখা যেতে পারে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement