এবারের ফুটবলের মহাযজ্ঞ শুরু হচ্ছে আগামী ১১ জুন, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। তার আগে ফাইনালের টিকিটের দাম দেখে আঁতকে উঠেছেন সমর্থকরা। সেখানে প্রত্যেক ক্যাটাগরির টিকিটের দাম অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। আকাশছোঁয়া দাম ও জটিল বিক্রি প্রক্রিয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবল সমর্থকরা।
ফাইনালের 'ক্যাটাগরি ১' টিকিটের দাম ছাড়িয়েছে প্রায় ১০,৯৯০ ডলার। ভারতীয় মুদ্রায় যা ১০ লক্ষ ১৯ হাজার টাকা। ভারত তো বটেই, পাশাপাশি বিশ্বের বেশিরভাগ দেশের কাছেই এই দাম অত্যন্ত চড়া। জানা গিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি এবং আয়োজক মেক্সিকোর ম্যাচগুলির টিকিটেও বেড়েছে দাম।
এখানেই শেষ নয়। ফাইনালের দ্বিতীয় ক্যাটাগরির টিকিটের দাম বেড়ে ৬ লক্ষ ৮৭ হাজার টাকা। তৃতীয় বিভাগের দাম ৫ লক্ষ ৩৯ হাজার টাকা। ফিফার 'ডায়নামিক প্রাইসিং' নীতির ফলে চাহিদা অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করছে। যা সাধারণ সমর্থকদের ক্ষোভ আরও বাড়িয়েছে। এই নীতির বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই)। বুধবার রাতে গ্রুপ পর্বের ৭২টি ম্যাচের মধ্যে ১৭টি ম্যাচের টিকিট ছেড়েছিল ফিফা। নকআউট ম্যাচের টিকিট এখনও ছাড়া হয়নি।
কেবল মূল্যবৃদ্ধিই নয়, টিকিট বিক্রির প্রক্রিয়াও প্রশ্নের মুখে। লটারি পদ্ধতি ও 'ফার্স্ট-কাম-ফার্স্ট-সার্ভ' ব্যবস্থার কারণে লক্ষ লক্ষ সমর্থক অনলাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও টিকিট পাননি। অভিযোগ উঠেছে, বহু ইউজার ভুল কিউ-তে চলে গিয়েছেন বা তাঁরা প্রযুক্তিগত ত্রুটির মুখে পড়েছেন। এক আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী, 'লাস্ট-মিনিট সেলস ফেজ'-এর লিঙ্কে ক্লিক করেও অনেক সমর্থক সঠিক পেজে ঢুকতেই পারেননি। ফলে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অসংখ্য ফুটবলপ্রেমী।
এক নেটিজেন বলছেন, 'এই দামে সাধারণ মানুষের পক্ষে বিশ্বকাপ দেখা সম্ভব নয়। বিশ্বকাপ এখন শুধুই ধনীদের ইভেন্ট।' অন্য এক ক্ষুব্ধ সমর্থকের মন্তব্য, 'ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টিকিট পেলাম না। তার উপর হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে! এটা তো চরম বিশৃঙ্খলা।' উল্লেখ্য, বিশ্বকাপের (FIFA World Cup 2026) প্রথম ম্যাচে আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের টিকিটের দামও আকাশছোঁয়া। ২ লক্ষ ৫৫ হাজার টাকায় টিকিট বিক্রি হলেও বহু ম্যাচের টিকিট অবিক্রীত। কেউই তেমন আগ্রহ দেখাচ্ছে না। নেটিজেনরা বলছেন, তাঁরা টিভি বা মোবাইল স্ক্রিনের পর্দায় চোখ রাখবেন।
