'যুদ্ধ-ঝঞ্ঝা-মৃত্যু-হিংসার অমারাত্রি পেরিয়ে প্রেমের শান্তি' চাইছে ইরান (Iran Football Team) ! সেই বার্তাই দিলেন সেদেশের ফুটবলাররা। র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ উপরে থাকা বেলজিয়ামের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে তারা। নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে মধ্যপ্রাচ্যের দেশটি। ম্যাচের পর লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে তাঁরা রেখে গেলেন হাতে লেখা এক চিরকুট। সেখানে শান্তির বার্তা দিলেন ইরানি ফুটবলাররা।
বেলজিয়াম ম্যাচের পর ইরানের ফুটবল ফেডারেশন তা প্রকাশ করে। সেখানে লেখা, 'হাজার বছরের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান। আমাদের আত্মা আজও জীবন্ত ও অটুট।' এছাড়া লস অ্যাঞ্জেলেসবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা লিখেছে, 'আতিথেয়তার জন্য ধন্যবাদ, লস অ্যাঞ্জেলেস। আমরা গর্ব নিয়ে এসেছিলাম। সম্মানের সঙ্গে লড়েছি। মর্যাদা নিয়ে বিদায় নিচ্ছি।' ইরানি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। 'এই ১৮০ মিনিটে যাঁরা সর্বস্ব দিয়ে ইরানকে সমর্থন করেছেন, তাদের ধন্যবাদ।'
সব শেষে লেখা হয়েছে, 'সকল জাতির মধ্যে শান্তি, সম্মান ও বন্ধুত্ব প্রতিষ্ঠিত হোক।' লকার রুমে রাখা এই চিরকুটে #168 এবং #Minab হ্যাশট্যাগেরও ব্যবহার দেখা যায়। আমেরিকা-ইরানের চলমান সংঘাতের মধ্যে মিনাব শহরের এক স্কুলে বোমা হামলার ঘটনার প্রতি ইঙ্গিত হিসাবেই এই হ্যাশট্যাগের ব্যবহার। বিশ্বকাপে (FIFA World Cup 2026) নানান প্রতিকূলতার মুখোমুখি ইরান। আমেরিকার অভিবাসন নীতির বিধিনিষেধের কারণে ম্যাচ খেলেই চটজলদি ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। ফলে অ্যারিজোনার টুসন থেকে ঘাঁটি সরিয়ে মেক্সিকোর তিজুয়ানায় ক্যাম্প করছে ইরান। সেখান থেকেই ম্যাচ খেলতে আমেরিকা যাতায়াত করছে তারা।
দলের কয়েকজন কর্তা ও সাপোর্ট স্টাফরাও ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েছেন। এমনকী উইঙ্গার মেহদি তোরাবিকেও নতুন করে ভিসা জোগাড় করতে হয়েছে। ইরানের হেডকোচ আমির ঘালেনোই একাধিকবার এসব বিধিনিষেধের সমালোচনা করেছেন। বেলজিয়ামের বিপক্ষে ড্রয়ের পর তিনি বলেন, "আমরাই এই বিশ্বকাপের সবচেয়ে নিপীড়িত দল।" একই সঙ্গে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, "কঠিন পরিস্থিতির মধ্যেও ওরা দারুণ ফুটবল উপহার দিয়েছে।" গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিশরের মুখোমুখি হবে ইরান। প্রথমবারের মতো নকআউট পর্বে উঠতে গেলে মহম্মদ সালাহদের হারাতে হবে আমির ঘালেনোইয়ের ছেলেদের।
