shono
Advertisement
Durand Cup 2026

ডুরান্ডে প্রথমবার পেপারলেস টিকিট, বড় ঘোষণা ক্রীড়ামন্ত্রীর, কাপ উদ্বোধনে আসবেন শুভেন্দু!

শনিবার, বিকেল ৫টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান-ইস্টবেঙ্গল দ্বৈরথ দিয়েই শুরু হবে ডুরান্ড কাপ। তার আগে সুখবর দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তাছাড়াও এবার ডুরান্ড কাপের মোট পুরস্কারমূল্যও বাড়িয়ে ৩ কোটি টাকা করা হয়েছে।
Published By: Prasenjit DuttaPosted: 06:57 PM Jul 22, 2026Updated: 09:47 PM Jul 22, 2026

বিশ্বকাপ জ্বর শেষ হতেই শুরু ভারতীয় ফুটবলের মরশুম। ২৫ জুলাই কলকাতা ডার্বি। শনিবার, বিকেল ৫টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান-ইস্টবেঙ্গল দ্বৈরথ দিয়েই শুরু হবে ডুরান্ড কাপ (Durand Cup 2026)। তার আগে সুখবর দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। প্রথমবারের জন্য থাকছে ডুরান্ড কাপে পেপারলেস টিকিট।

Advertisement

এর ফলে দুই প্রধানের সমর্থকদের দীর্ঘদিনের একটি বড় সমস্যার অবসান হতে চলেছে। আগামী ডার্বি থেকেই চালু হচ্ছে পেপারলেস টিকিট। ফলে অনলাইনে টিকিট কাটার পর আর আলাদা করে কাউন্টার থেকে তা রিডিম বা স্ট্যাম্প করাতে হবে না। সেই ই-টিকিট দেখিয়েই সরাসরি স্টেডিয়ামে প্রবেশ করা যাবে।

বুধবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, "আমরা প্রথমবার পেপারলেস টিকিট চালু করতে চলেছি। আর কখনও স্ট্যাম্পিং নিয়ে ছোটাছুটি করতে হবে না। অনলাইন টিকিট নিয়েই স্টেডিয়ামে ঢোকা যাবে। ইন্ডিয়ান আর্মি এবং ডিপার্টমেন্ট অফ ইয়ুথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টসকে ধন্যবাদ। এনজয় ফুটবল।" ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, ডুরান্ড কাপের উদ্বোধনে আসতে আগ্রহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবকিছু ঠিক থাকলে মুখ্যমন্ত্রী ডুরান্ড উদ্বোধন করবেন।

এই সিদ্ধান্তে দুই দলের সমর্থকদের ভোগান্তি অনেকটাই কমবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সমর্থকদের দাবি ছিল পেপারলেস টিকিট চালুর। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সেই দাবি পূরণ করেননি। এতদিন সেই ব্যবস্থা কার্যকর না হলেও, সরকার পরিবর্তনের পর এবার সেই দাবিই বাস্তবায়িত হতে চলেছে। এবারের ডুরান্ড চলবে ২৩ আগস্ট পর্যন্ত। এবারের আসরে অংশ নেবে ২৪টি দল। ‘এ’ গ্রুপে রাখা মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে। ২৫ জুলাই, যুবভারতীতে ক্রীড়াঙ্গনে কলকাতা ডার্বি। তার আগে পেপারলেস টিকিটের ঘোষণায় সমর্থকদের মুখে চওড়া হাসি। 

এছাড়াও ডুরান্ড কাপের উদ্বোধনী ডার্বিকে সামনে রেখে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, ইস্টবেঙ্গল ও মোহনবাগান - দুই ক্লাবকেই ৫,১০০টি করে টিকিট দেওয়া হবে। যদিও তুলনামূলক কম টিকিট বরাদ্দে দুই ক্লাবই কিছুটা হতাশ। এবার ডুরান্ড কাপের মোট পুরস্কারমূল্যও বাড়িয়ে ৩ কোটি টাকা করা হয়েছে। পাশাপাশি চ্যাম্পিয়নশিপের বিভিন্ন বিভাগে পুরস্কার হিসাবে দেওয়া হবে তিনটি এসইউভি গাড়ি। এ বছরের নতুন উদ্যোগ স্থানীয় ফুটবলারদের জন্য বিশেষ স্পট পুরস্কার। এ প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, “প্রতিটি ভেন্যুতে স্থানীয় ফুটবলারদের জন্য বিশেষ স্পট পুরস্কার থাকবে। এটা এ বছরের নতুন উদ্যোগ। আমরা চাই স্থানীয় প্রতিভারাও তাঁদের প্রাপ্য সম্মান পান।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement