shono
Advertisement
SAFF U-20

ক্রিকেটের পর ফুটবল, সাফের মঞ্চে ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইকে' ধ্বংস পাকিস্তান

শুরু থেকেই দাপুটে ফুটবল উপহার 'ব্লু কোল্টস'দের। এই জয়ের ফলে সেমিফাইনালে উঠে গেল ভারত। বিদায় নিল পাকিস্তান। ২৮ মার্চ সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি ভারত।
Published By: Prasenjit DuttaPosted: 06:32 PM Mar 26, 2026Updated: 08:09 PM Mar 26, 2026

ভারত ৩ (দোদুম ২, বিশাল)
পাকিস্তান ০ 

Advertisement

ক্রিকেটের পর এবার ফুটবল। ‘সার্জিক্যাল স্ট্রাইক’ ভারতের। ছত্রভঙ্গ পাকিস্তান। যে কোনও খেলাতেই হোক, পাকিস্তানকে হারানোটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে ভারত। এবার অনূর্ধ্ব-২০ সাফ গেমসের আসরে পাকিস্তানকে ৩-০ গোলে উড়িয়ে দিল ভারতের যুব দল।

বৃহস্পতিবার মালদ্বীপের ম্যালে শুরু থেকেই দাপুটে ফুটবল উপহার 'ব্লু কোল্টস'দের। ম্যাচের শুরুতেই আগুনঝরা পারফরম্যান্স দেখাল ভারত। ৩ মিনিটেই বিশাল যাদবের গোলে এগিয়ে যায় ভারত। গুরনাজ সিং দুর্দান্ত দূরদর্শিতার পরিচয় দিয়ে একটি লফটেড থ্রু বল বাড়িয়ে দেন বক্সে থাকা বিশালের উদ্দেশে। চাপে পড়েও বল নিয়ন্ত্রণে রেখে পাকিস্তানের গোলরক্ষক কাশিফকে পরাস্ত করে নিখুঁত ফিনিশিংয়ে গোল আদায় করেন তিনি।

এরপর ক্রমশ ম্যাচে ফিরে আসার চেষ্টা করে পাকিস্তান। একাধিক সুযোগও তৈরি করে। বিশেষ করে নজিব উল্লাহ দু’বার গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু দুই ক্ষেত্রেই ভারতীয় গোলরক্ষক সুরজ সিং অসাধারণ সেভ করে দলকে বিপদমুক্ত রাখেন। ভারতও বেশ কিছু সুযোগ তৈরি করলে তা ফলপ্রসূ ছিল না। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় 'ব্লু কোল্টস'রা। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামে পাকিস্তান। আক্রমণের ধার বাড়ালেও, সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে পিছিয়ে পড়ে তারা। উলটো দিকে, সীমিত সুযোগ পেলেও সেগুলিকে নিখুঁতভাবে কাজে লাগায় ভারত। দ্বিতীয়ার্ধে বদলি হিসাবে নামা ঋষির পাস থেকে ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দোদুম। এরপরও আক্রমণ বজায় রাখে পাকিস্তান। কিন্তু ব্লু কোল্টসের রক্ষণ ভেদ করতে ব্যর্থ হয় তারা। ম্যাচের ৮৪ মিনিটে বক্সের মধ্যে প্রশান জোজোকে ফাউল করেন বিপক্ষ ডিফেন্ডার। পেনাল্টি পায় ভারত। সেখান থেকে নির্ভুল শটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন দোদুম। এই জয়ের ফলে সেমিফাইনালে উঠে গেল ভারত। অন্যদিকে, টুর্নামেন্ট থেকে বিদায় নিল পাকিস্তান। ২৮ মার্চ সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement