shono
Advertisement
Mohamed Salah

৯ বছরের সোনালি অধ্যায় শেষে লিভারপুল ছাড়ছেন সালাহ, কোন ক্লাবে যাচ্ছেন 'মিশরের রাজা'?

অন্যদিকে মেসির দেখানো পথে ইউরোপ ছেড়ে আমেরিকা পাড়ি দিচ্ছেন গ্রিজম্যান। অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে অরল্যান্ডো সিটিতে সই করলেন ফরাসি ফুটবলার।
Published By: Arpan DasPosted: 12:48 PM Mar 25, 2026Updated: 02:35 PM Mar 25, 2026

৯ বছরের দীর্ঘ পথচলা শেষ। অবশেষে লিভারপুলকে বিদায় জানাতে চলেছেন মহম্মদ সালাহ (Mohamed Salah)। মরশুম শেষেই লাল জার্সি ছাড়বেন মিশরীয় কিংবদন্তি। ৩৩ বছর বয়সি ফুটবলার সোশাল মিডিয়ায় জানিয়ে দেন, এবারই অ্যানফিল্ডে শেষ। তবে আগামী মরশুমে কোন ক্লাবে যাবেন, তা এখনও ঠিক হয়নি। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে অরল্যান্ডো সিটিতে সই করলেন ফরাসি ফুটবলার অ্যান্টোনিও গ্রিজম্যান। এবার মেসির পড়শি ক্লাবে খেলবেন তিনি।

Advertisement

মহম্মদ সালাহ ২০১৭ সালে ইটালির ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দেন। ইংল্যান্ডের ক্লাবের পুনরুত্থান ও সালাহ কেরিয়ারের পুনর্জন্ম, দুটো একসঙ্গেই হয়। জুর্গেন ক্লপের কোচিংয়ে একের পর এক সাফল্য আসে অ্যানফিল্ডে। এই ক্লাবের হয়ে ৩১০ ম্যাচে ১৮৯ গোল রয়েছে সালাহর। দু'টো প্রিমিয়ার লিগ ছাড়াও জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। দু'বার প্রিমিয়ার লিগের সেরা প্লেয়ারও হয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে ছিলেন না। ৩৪ ম্যাচে গোল সংখ্যা মাত্র ১০। লিভারপুলের বর্তমান কোচ আর্নে স্লটের সঙ্গেও বিবাদ বাঁধে। অবশেষে বর্ণময় কেরিয়ার শেষে রেডসদের সঙ্গে সম্পর্কছিন্ন হচ্ছে 'মিশরীয় রাজা'র।

সোশাল মিডিয়ার ভিডিওবার্তায় সালাহ বলছেন, "অবশেষে সেই মনখারাপের দিনটা চলেই এল। লিভারপুল আমার কাছে কী, তা ভাষায় বোঝাতে পারব না। আমরা একসঙ্গে জিতেছি, লড়াই করেছি। আজ তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সমর্থকরা কঠিন সময়ে আমাকে আগলে রেখেছেন। তাঁদের সমর্থন কখনই ভুলতে পারব না। আপনাদের জন্যই আই উইল নেভার ওয়াক অ্যালোন।" যা লিভারপুল সমর্থকদের স্লোগান।

অন্যদিকে মেসির দেখানো পথে ইউরোপ ছেড়ে আমেরিকা পাড়ি দিচ্ছেন গ্রিজম্যান। ২০১৪ থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে খেলেছেন। তবে মাঝে তিনবছরে বার্সেলোনায় গিয়েছিলেন। এবার আমেরিকার ক্লাব অরল্যান্ডো সিটিতে যাচ্ছেন ফরাসি ফুটবলার। ফ্লোরিডার আরেক ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন গ্রিজম্যানের প্রাক্তন সতীর্থ লিওনেল মেসি। আগামী মরশুমে মেজর সকার লিগে অভিষেক হতে চলেছে গ্রিজম্যানের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement