ওড়িশা ম্যাচ জয় এখন অতীত। মঙ্গলবার মুম্বই ফুটবল এরিনাতে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। লিগ টেবিলের যা অবস্থা তাতে চ্যাম্পিয়নশিপে থাকতে হলে আগামী চারটে ম্যাচই ইস্টবেঙ্গলকে জিততে হবে।
গত ম্যাচে আনোয়ার আলি, মহম্মদ রশিদকে প্রথম একাদশে রাখেননি অস্কার ব্রুজো। অপেক্ষাকৃত দুর্বল ওড়িশা এফসির বিরুদ্ধে পরবর্তী কঠিন ম্যাচগুলোর কথা ভেবেই অতিরিক্ত ঝুঁকি নেননি তিনি। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে এই দুই ফুটবলারই আপাতত সুস্থ। স্বাভাবিকভাবে কিছুটা স্বস্তিতে লাল-হলুদ কোচ। তবে মুম্বইয়ের গতিসম্পন্ন উইংয়ের ফুটবলার লাললিয়ানজুয়ালা ছাংতে, বিক্রমপ্রতাপ সিং ও নওফালরা চিন্তায় রাখছেন অস্কারকে। আনোয়ার যদি মঙ্গলবার প্রথম একাদশে ফেরেন তাহলে তিন ব্যাকে দল সাজাতে পারেন অস্কার। সেক্ষেত্রে আনোয়ার, কেভিন সিবিলে ও জিকসনকে দেখা যেতে পারেন লাল-হলুদ রক্ষণে।
মিগুয়েল ফিগুয়েরার নির্বাসন উঠে যাওয়ায় মুম্বই ম্যাচে তিনি ফিরতে চলেছেন। মিগুয়েলের দুই ম্যাচের নির্বাসন কিছুটা হলেও চাপে ফেলে দিয়েছিল লাল-হলুদ শিবিরকে। এমন পরিস্থিতিতে এক ম্যাচ নির্বাসন উঠে যাওয়ায় মাঝমাঠের শক্তি বাড়ল ইস্টবেঙ্গলের। সেক্ষেত্রে মিগুয়েল, সল ক্রেসপোর পাশে দুই উইংয়ে খেলতে পারেন বিপিন সিং ও পিভি বিষ্ণু। এদের ঠিক সামনে এডমুন্ড। আর তার সামনে এডমুন্ড ও নন্দকুমার, একেবারে সামনে অ্যান্টন সোজবার্গ থাকতে পারেন। গত ম্যাচের মতোই পরিবর্ত হিসাবে আসতে পারেন ইউসেফ এজেজারি। সোমবার মুম্বই ম্যাচ খেলতে উড়ে গিয়েছেন সল ক্রেসপোরা। তবে মুম্বই ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে অস্কারের আগামী মরশুমে দল ছাড়ার ঘোষণার প্রভাব কী পড়বে মঙ্গলবারের ম্যাচে তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। যদিও তিনি নিজে এর ব্যাখ্যা দিয়েছেন, কেন এমন সময়ে এই ঘোষণা। এই সব কিছুকে সরিয়ে আপাতত চারটি ম্যাচে জয়ের লক্ষ্যে ক্রেসপোদের মাঠে নামার নির্দেশ দিচ্ছেন লাল-হলুদ কোচ।
আজ আইএসএলে
মুম্বই সিটি এফসি বনাম ইস্টবেঙ্গল
মুম্বই এরিনা, সন্ধ্যা ৭.৩০
সোনি স্পোর্টস নেটওয়ার্ক
