shono
Advertisement
East Bengal

লিগ শেষের আগেই ধাক্কা ইস্টবেঙ্গলের! কোচের পদ ছাড়ার ঘোষণা অস্কারের, কিন্তু কেন?

লাল-হলুদ বাহিনীর কোচের বিদায় নিয়ে জল্পনা ছিলই। সরকারিভাবে সিদ্ধান্ত জানিয়ে দিলেন তিনি।
Published By: Arpan DasPosted: 03:57 PM May 03, 2026Updated: 04:56 PM May 03, 2026

এবারই শেষ। সামনের মরশুমে অস্কার ব্রুজো আর ইস্টবেঙ্গলে কোচিং করাবেন না। সরকারিভাবে জানিয়ে দিলেন তিনি। লাল-হলুদ বাহিনীর কোচের বিদায় নিয়ে জল্পনা ছিলই। এদিন অনুশীলনের পর সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গলকে সরকারিভাবে বিদায়ের ঘোষণা করলেন স্প্যানিশ কোচ।

Advertisement

হাতে বাকি আর ৪টে ম্যাচ। এই মুহূর্তে লিগ টেবিলের যা অবস্থা তাতে বাকি ম্যাচগুলোতে আর ভুল করার জায়গায় নেই। ৯ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট পাওয়া ইস্টবেঙ্গল এই মুহূর্তে রয়েছে পঞ্চম স্থানে। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে এক ধাপ উপরে রয়েছে মুম্বই। লিগ জয়ের স্বপ্ন দেখছেন সমর্থকরা। আইএসএলে খেলা শুরুর পর থেকে এবারই প্রথম এতটা টক্কর দিচ্ছে লাল-হলুদ বাহিনী। এর মধ্যেই বিস্ফোরণ অস্কারের।

গত বছর মরশুমের মাঝপথে ইস্টবেঙ্গলের দায়িত্বে নেন। তবে গত দেড় বছরে কোনও ট্রফি এনে দিতে পারেননি। এবার জানিয়ে দিলেন এবছরের ৩১ মে ইস্টবেঙ্গলে তাঁর শেষ দিন। কেন এই সিদ্ধান্ত? ক্ষোভ উগরে স্প্যানিশ কোচ বলেন, "যা সিদ্ধান্ত নেওয়ার আমি ও টেকনিক্যাল নিয়েছি। তার দায়িত্ব আমার। আমাদের সামনে কোনও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেই। কোনও কাজের দায়িত্ব নেই। যেহেতু ভবিষ্যতের দিশা নেই, তাই আর আমি কোচিংয়ের দায়িত্ব চালিয়ে যাব না। সামনে এখনও ৩ সপ্তাহ আছে। তবে ভারতীয় ফুটবলের অনিশ্চয়তা বা আর্থিক সমস্যা নয়, এটা আমার একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত।" এই নিয়ে ইমামি কর্তা বিভাস আগরওয়ালের সঙ্গেও তাঁর কথা হয়েছে। 

কিন্তু সামনে লিগ জয়ের অঙ্ক। এই পরিস্থিতিতে কেন এত বড় ঘোষণা করলেন? অস্কারের সাফ বক্তব্য, যদি চারটে ম্যাচের ফলাফল ভালো না হয়, তাহলে হয়তো কথা উঠবে সেটার জন্যই বিদায় নিচ্ছেন। আবার যদি ভালো ফল হয়, তাহলেও হয়তো বিদায়ের ঘোষণা নিয়ে কথা উঠবে। তাই আগেই সিদ্ধান্ত জানিয়ে রাখলেন। অস্কারের ঘোষণা নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা দেবব্রত সরকার জানান, তিনি কথা বলবেন। তবে আনুষ্ঠানিকভাবে ক্লাব কর্তৃপক্ষকে এখনও কিছু জানানো হয়নি।

অস্কারের বিদায় নিয়ে মুখ খুলেছেন ইমামি কর্তা বিভাস আগরওয়াল। কেন হঠাৎ বিদায় জানালেন কোচ? বিভাস বলেন, "এর নেপথ্যে কোনও অঙ্ক নেই। পরের বছর আইএসএল নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। উনি বিদেশি কোচ। বিভিন্ন জায়গায় কথা বলছেন। আমার সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে এসেছিলেন। আমি তো আর জোর করে আটকে রাখতে পারি না। পরের বছরের লিগ কী হবে, তার কোনও নিশ্চয়তা নেই। যদি পরের মরশুমে সব ঠিকঠাক হয়, তাহলে আবার দায়িত্ব নিতে বলব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement