মরশুম শেষেই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার ব্রুজো? যথেষ্ট চিন্তায় লাল-হলুদ ভক্তরা। এবার সেই উদ্বেগ নিজেই বাড়িয়ে দিলেন ইস্টবেঙ্গলের কোচ। সোশাল মিডিয়ায় যে পোস্ট তিনি করেছেন, তাতে যেন বিদায়ের ইঙ্গিত স্পষ্ট। আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আছেন মিগুয়েল, আনোয়াররা। তার মধ্যেই অস্কারের বিদায়ের জোর জল্পনা।
এই মুহূর্তে লিগ টেবিলের যা অবস্থা তাতে বাকি ম্যাচগুলোতে আর ভুল করার জায়গায় নেই লিগে টেবিলের ওপরের দিকে থাকা ক্লাব গুলো। ৯ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট পাওয়া ইস্টবেঙ্গল এই মুহূর্তে রয়েছে পঞ্চম স্থানে। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে এক ধাপ উপরে রয়েছে মুম্বই। এদিন মিগুয়েলও পুরো দমে অনুশীলন করেছেন দলের সঙ্গে। ৫ মে মুম্বইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে ইস্টবেঙ্গল।
এর মধ্যেই সোশাল মিডিয়ায় জল্পনা ছড়ায়, মরশুম শেষ হলেই লেসলি ক্লডিয়াস ক্লাবের সঙ্গ ছাড়বেন অস্কার। কারণ হিসেবে বলা হয়েছে, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ রেখাচিত্রের অনিশ্চিয়তার জন্যই এই সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। এর সঙ্গে নাকি ক্লাবের পরিকল্পনা ও প্লেয়ারদের সঙ্গে অল্প সময়ের চুক্তিও নাকি দায়ী। এসবের মধ্যেই এক্স হ্যান্ডেলে অস্কার একটি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, 'শেষ লড়াই। মে ২০২৬।' তাহলে কি মে মাসেই শেষবার ইস্টবেঙ্গলের ডাগআউটে দেখা যাবে অস্কারকে? নিজেই যেন সেই জল্পনা উসকে দিলেন লাল-হলুদের কোচ।
এর মধ্যেই অবশ্য অনুশীলন চলছে পুরোদমে। ওড়িশা ম্যাচ খেলে ইস্টবেঙ্গল কলকাতায় ফিরেছিল বুধবার। একদিন বিশ্রামে কাটিয়ে শুক্রবার থেকে ফের মুম্বই সিটি এফসি ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। দলের সঙ্গে পুরো অনুশীলন করেন আনোয়ার আলি ও মহম্মদ রশিদ। চোট পাওয়া এই দুই ফুটবলারকে ঝুঁকি নিয়ে ওড়িশার বিরুদ্ধে প্রথম একাদশে রাখেননি অস্কার। তবে শুক্রবার পুরো দমে অনুশীলন করতে দেখা গিয়েছে আনোয়ার ও রশিদকে।
