জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র হওয়ার পর থেকে সমালোচনার মুখে পড়তে হয়েছে মোহনবাগান (Mohun Bagan) কোচ সার্জিও লোবেরাকে। কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন উঠে গিয়েছে তাঁর দল পরিচালনা নিয়েও। আইএসএলের প্রথম চার ম্যাচে মসৃণ জয় এলেও তার পরের তিন ম্যাচের মধ্যে একটিতে হার। বাকি দুই ম্যাচে ড্র করে রীতিমতো চাপে সবুজ-মেরুন ব্রিগেড। তার মধ্যে জামশেদপুর এফসির বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র করায় চাপ আরও বেড়েছে।
জামশেদপুর ম্যাচ খেলে সোমবার অনুশীলনে নেমেছিল মোহনবাগান। আগামী রবিবার ঘরের মাঠে পাঞ্জাব এফসি ম্যাচ। সেই ম্যাচের প্রস্তুতি শুরু করে দিলেন লোবেরা। এই ম্যাচে জয় না এলে চাপ যে আরও বাড়বে তা ভালোভাবেই জানেন তিনি। অনুশীলনে দেখা গেল জেসন কামিংসকে নিয়ে দীর্ঘ বৈঠক করছেন মোহনবাগান কোচ। আগের ম্যাচে জেমি ম্যাকলারেন আর রবসন রবিনহো আক্রমণভাগে খেলেছিলেন। ম্যাচের একেবারে শেষের দিকে পরিবর্ত হিসাবে এসেছিলেন কামিংস। তাতেও গোল বাড়েনি। বরং একাধিক গোলের সুযোগ নষ্ট করে সমালোচিত হয়েছেন ম্যাকলারেন। আপাতত শর্ট লিগে এই ভুলত্রুটি শোধরানোর খুব একটা সময় আর পাবেন না লোবেরা। সেটা ভালোভাবেই জানেন। জামশেদপুর ম্যাচে খেলা ফুটবলারদের রিকভারি করালেন মোহনবাগান কোচ। বাকি ফুটবলারদের নিয়ে একঘণ্টা অনুশীলন করালেন।
এদিনের আলোচনার বিষয় হয়ে উঠল কামিংসকে নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা। তাহলে কি রবিবার পাঞ্জাব এফসি ম্যাচে এই অজি তারকাকে নিয়ে বিশেষ কিছু পরিকল্পনা করছেন তিনি? তবে যাই পরিকল্পনা করুন না কেন, আপাতত চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে হলে বাকি ম্যাচগুলোতে জয় ছাড়া অন্য কোনও ফল হলে চাপ বাড়বে মোহনবাগান কোচের উপর সেটা নিশ্চিত। এখন দেখার বিষয় চাপ কাটিয়ে কত দ্রুত পুরনো ছন্দে ফিরতে পারে মোহনবাগান।
