'সেইক্ষণে বাতায়নে নীরব নির্জন/ আমাদের দুজনের প্রথম চুম্বন।' মরশুম শুরুর আগে নতুন জার্সি উন্মোচন ক্লাবগুলির কাছে সাধারণ বিষয়। ঝাঁ-চকচকে অনুষ্ঠানের মাধ্যমে জার্সি উন্মোচন করা হয়। তবে এবার এক শীর্ষ ইউরোপীয় ক্লাব নতুন জার্সি উন্মোচনে বেশ অভিনব পদ্ধতি বেছে নিয়েছে। যুগলের চুমুর মধ্যে দিয়েই হল জার্সি উন্মোচন। যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। কিন্তু কেন এমন আয়োজন?
ঘটনাটা কী? অস্ট্রিয়ার ফুটবল ক্লাবএফকে অস্ট্রিয়া ভিয়েনের নতুন কিট-জার্সি উন্মোচনে দেখা গেল এই অভিনব আয়োজন। প্রায় দু’মিনিটের ভিডিওর শুরুতেই লেখা, 'ভালোবাসার রূপ অনেক।' এরপর ক্লাবের সাজঘরের মতো একটি জায়গায় বসেন এক দম্পতি। স্ক্রিনে ভেসে উঠছে একের পর এক লাইন– 'একটি চুম্বন। একটি অনুভূতি। একটি মুহূর্ত।' ভিডিওতে বোঝানো হয়, ভালোবাসার এই ছোট ছোট মুহূর্তই মানুষকে কাছাকাছি আনে। প্রজন্মের মধ্যে সেতুবন্ধন করে। সুন্দর স্মৃতি তৈরি করে। এই ভাবনাকেই সামনে রেখে নতুন জার্সি উন্মোচন করেছে অস্ট্রিয়ার ক্লাবটি।
এর পরেই ভিডিও স্ক্রিনে লেখা যায়, 'ফাইভ স্টোরিজ অ্যান্ড আ জার্সি।' অর্থাৎ, পাঁচটি গল্প, একটি জার্সি। ভালোবাসার পাঁচ ভিন্ন সম্পর্কের মানুষকে সামনে এনে সেই জার্সির অর্থ বোঝানোর চেষ্টা করেছে ক্লাব। ভিডিওতে দেখা যায়, তিন দম্পতি এবং পরিবারের দুই জোড়া সদস্য ক্যামেরার সামনে বসেছেন। তাঁরা জার্মান ভাষায় নিজেদের মধ্যে কথা বলছেন। এরপর তাঁদের হাতে তুলে দেওয়া হয় ক্লাবের নতুন তৃতীয় জার্সি কিট। জার্সি দেখে তাঁদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়াও ক্যামেরাবন্দি করা হয়। শুধু জার্সি দেওয়াতেই শেষ নয়। পরিবারের সদস্যরা একে অপরকে জড়িয়ে ধরেন। আর প্রেমিক-প্রেমিকাদের ক্ষেত্রে প্রেমিক-প্রেমিকাদের ক্ষেত্রে সেই আলিঙ্গন বদলে যায় চুম্বনে। এই বিশেষ মুহূর্তগুলিই ভিডিওতে তুলে ধরেছে ক্লাব। পরে আরও কিছু ছবি প্রকাশ করে ক্লাব। কেন এমন পরিকল্পনা? ক্লাব জানিয়েছে, ভালোবাসা বিভিন্নভাবে প্রকাশ করা যেতে পারে। তা তুলে ধরাই ছিল উদ্দেশ্য।
এমন ভাবনার নেপথ্যে ভিয়েনার বিখ্যাত শিল্পী গুস্তাভ ক্লিমটের অমর শিল্পকর্ম 'দ্য কিস'। তাঁর এই বিখ্যাত ছবির অনুপ্রেরণাতেই তৈরি হয়েছে ক্লাবের নতুন জার্সি। লালচে-ক্রিমসন রঙের জার্সিতে রয়েছে ক্লিমটের শিল্পের ছোঁয়া। ক্লাবের তরফে বলা হয়েছে, "আমাদের অংশীদার ম্যাক্রোঁর সঙ্গে হাত মিলিয়ে আমরা নতুন শিল্প-অনুপ্রাণিত জার্সি প্রকাশ করছি। গুস্তাভ ক্লিমটের 'দ্য কিস'-এর বিখ্যাত নকশা থেকেই এই জার্সির অনুপ্রেরণা।" ক্লাবের মতে, ক্লিমটের শিল্প ও ক্লাবের ভাবনার মধ্যে ভিয়েনার নিজস্ব সৌন্দর্যের মিল রয়েছে। সূক্ষ্ম কারুকাজ, খুঁটিনাটির প্রতি নজর এবং নিজের মতো করে পথ তৈরি করার সাহস– এই ভাবনাগুলিই নতুন জার্সিতে তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার দুপুর ১২টা থেকে অনলাইনে এবং ক্লাবের ফ্যান শপে মাত্র ১,০০০টি লিমিটেড-এডিশন বক্সে জার্সিটি পাওয়া যাচ্ছে। শনিবার ট্রাইস্কিরশেনে কাপের ডাবল-হেডারে পুরুষ ও মহিলা, দুই দলই এই নতুন জার্সি পরে মাঠে নামবে।
