সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই দেশজুড়ে শুরু হয়ে যাবে ফুটবল যুদ্ধ। দেশের মোট ছ’টি শহরে বসতে চলেছে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের আসর। তার আগে বুধবার নবান্ন থেকে আসন্ন টুর্নামেন্টের লোগো প্রকাশিত হল। লোগো প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। ছিলেন ফিফার প্রতিনিধিও। আর উপস্থিত ছিলেন যুব বিশ্বকাপের ডিরেক্টর জেভিয়ার সেপ্পি। মুখ্যমন্ত্রীকে কলকাতায় অনুষ্ঠিত ফাইনালে উপস্থিত থাকার আমন্ত্রণও জানালেন তাঁরা। এদিন বিশ্বকাপের লোগোর পাশে ছিল বিশ্ব বাংলার লোগোও।
[বিপাকে বার্সেলোনা! হ্যাকার কবলে টুইটার অ্যাকাউন্ট]
গোয়া, দিল্লি, মুম্বই, কোচি, গুয়াহাটির পাশাপাশি ফুটবল প্রিয় কলকাতাতেও হবে যুব বিশ্বকাপের ম্যাচ। পাশাপাশি এ শহরেই থাকবে ফিফার হেড কোয়ার্টারও। শুধু তাই নয়, বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। লোগো প্রকাশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই টুর্নামেন্টটি আয়োজন করতে পেরে আমরা গর্বিত। টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে রাজ্য সরকার সবরকম সহায়তা করবে। আমরা সমস্ত বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি।’ এরপরই বিখ্যাত ‘ধন্যি মেয়ে’ সিনেমার ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’ গানটির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটা খুবই বড় মাপের টুর্নামেন্ট। ৮ অক্টোবর কলকাতায় প্রথম খেলা। এছাড়া ২৮ অক্টোবর যুব বিশ্বকাপের ফাইনালও এখানে অনুষ্ঠিত হবে। সবার কাছে আমার অনুরোধ প্রত্যেকে যেন প্রত্যেকের সঙ্গে সহযোগিতা করে। অনেকেই নিজেদের দেশকে সমর্থন করতে এখানে আসবেন। আমাদের অতিথিদের খেয়াল রাখতে হবে।’ এরপর তিনি টুর্নামেন্টের সাফল্য কামনাও করেন। এর পাশাপাশি দুর্গাপুজোর পর রেড রোডে পুজো কার্নিভালে ফিফা কর্তাদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
[সার্দানকে হারিয়ে টানা চার ম্যাচে জয় ইস্টবেঙ্গলের]
উলটোদিকে টুর্নামেন্টের ডিরেক্টর জেভিয়ার সেপ্পি রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি পূর্ণ সহযোগিতা পাওয়ার আশাপ্রকাশও করেন। এখানেই শেষ নয়, ২৮ অক্টোবর টুর্নামেন্টের ফাইনালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকার আহ্বানও জানান তিনি। এবছর ফিফার ওয়েবসাইটে কলকাতার কয়েকটি সেরা পুজোও দেখানো হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
[শ্রীলঙ্কা সফরে অশ্বিনের দলে না থাকা নিয়ে প্রশ্ন তুললেন সৌরভ]
The post নবান্নে যুব বিশ্বকাপের লোগোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী appeared first on Sangbad Pratidin.
