কেরলে বর্ষা প্রবেশ করেছে। বাংলায় চলছে প্রাক্ বর্ষার বৃষ্টি। মেঘ-বৃষ্টির ফলে এই সময় বাড়ি ভ্যাপসা হয়ে যায়। দুর্গন্ধ ছাড়ে। আবার এই মরশুমে পোকামাকড়, সাপের উপদ্রবও বাড়ে। সমস্যা থেকে মুক্তি পেতে তাই বাড়ির প্রয়োজন বিশেষ যত্নের। এই কয়েকটি কৌশল অবলম্বন করলে বৃষ্টিভেজা বর্ষাতে বাড়ি থাকবে বরাবরের মতো সুন্দর।
Advertisement
- অনেকের বাড়ির ড্রয়িংরুমে কার্পেট পাতা থাকে। আপনারও কি তাই? তবে আজই প্রাক্ বর্ষার প্রস্তুতি নিন। ভালো করে কার্পেট গুটিয়ে তুলে রাখুন। পারলে প্লাস্টিক কিংবা কাগজ জড়িয়ে রাখতে পারেন। যাতে বর্ষার আর্দ্রতা ছুঁতে না পারে কার্পেটকে।
- এই সময় বাইরে জল জমার সমস্যা দেখা যায়। তাই এই মরশুমে বাড়িতেও নিকাশির সমস্যা নতুন কিছু নয়। বর্ষা শুরুর আগেই কোন মিস্ত্রিকে ডেকে নিন। বাড়ির প্রতিটি কল, পাইপলাইন পরীক্ষা করে নিন। সব ঠিক থাকলে চিন্তা কীসের? বরং চায়ের কাপ হাত জানলার দিকে তাকিয়ে বৃষ্টি উপভোগ করুন।
- বর্ষায় বাইরে থেকে এসে ভিজে ছাতা, জুতো কোথায় রাখবেন - তা নিয়ে বিড়ম্বনা দেখা দেয়। তাই বর্ষার আগেই সেই জায়গার বন্দোবস্ত করুন। বাড়ির সামনে ভিজে জুতো ও ছাতা রাখার ব্যবস্থা করুন। মূল দরজায় প্রবেশের মুখে একটি পাপোস রাখুন। তাতে পা মুছে ভিতরে ঢুকুন। ঘর কাদা হওয়ার সমস্যা থেকে রেহাই পাবেন।
- ভিজে জামাকাপড় শুকোতে এই সময়ে সবচেয়ে বেশি সমস্যা হয়। তাই ঝটপট তেমন কোনও জায়গার বন্দোবস্ত করে ফেলুন। নইলে ভিজে জামা নিয়ে সমস্যায় পড়তে পারেন।
- প্রাক্ বর্ষার বৃষ্টির আগে রান্নাঘরেও বিশেষ নজর দিতে হবে। নুন, চিনি, কফির মতো সামগ্রী এই সময়ে জমাট বেঁধে যাওয়ার সমস্যা তৈরি হয়। স্যাঁতস্যাঁতে পরিবেশে যাতে জিনিসপত্র নষ্ট না হয় তাই কৌটোগুলি দফায় দফায় পরিষ্কার করুন। শুকনো রাখার চেষ্টা করুন।
