পহেলগাঁও বর্ষপূর্তিতে ভারতে ফের নাশকতার ছক। মুম্বই থেকে ২ জইশ জঙ্গিকে গ্রেপ্তার করল পুলিশ। সূত্রের খবর, খেলনা গাড়িতে বোমা বেঁধে তারা দিল্লিতে ধারাবাহিক বিস্ফোরণের ছক কষেছিল। ধৃতদের সঙ্গে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের সরাসরি যোগ রয়েছে বলেও খবর।
পহেলগাঁও বর্ষপূর্তিতে ভারতকে ফের রক্তাক্ত করার ছক করছে পাক মদতপুষ্ট জঙ্গিরা - এমন তথ্য গোয়েন্দাদের কাছে আগে থেকেই ছিল। ফলে দেশজুড়ে শুরু হয়েছে তল্লাশি। এই পরিস্থিতিতে গোয়েন্দাদের কাছে খবর আসে, মুম্বইয়ের দুই বাসিন্দা মোসাব আহদাম ওরফে কালাম কল্যাণ এবং মহম্মদ হামাদ কোল্লারা দিল্লিতে হামলার ষড়যন্ত্র করছে। তারপরই দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং মহারাষ্ট্র সন্ত্রাস-দমন স্কোয়াড (এটিএস) যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
তদন্তকারীদের একটি সূত্রের খবর, ধৃতদের সঙ্গে জইশ, ইসলামিক স্টেট(আইসিস)-সহ একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাজশ ছিল। এছাড়াও অভিযুক্তরা অনলাইনে ‘মিশন খিলাফত’ এবং ‘সোলজারস অফ প্রফেট’-এর মতো চরমপন্থী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল। জানা গিয়েছে, সম্প্রতি এই দুই যুবকের সঙ্গে আবু হুফেজা নামে এক ব্যক্তির যোগাযোগ হয়। মনে করা হচ্ছে, তিনিই মগজধোলাই করে তাদের ‘জেহাদি’ বানায়।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা বিস্ফোরক এবং আইইডি যন্ত্র তৈরির কৌশল শিখছিল। এরপর সেগুলি একাধিক খেলনা গাড়ির ভিতরে বেঁধে দিল্লিতে ধারাবাহিক বিস্ফোরণের পরিকল্পনা করেছিল। বর্তমানে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। গোয়েন্দাদের অনুমান, এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে। সংঘবদ্ধ হয়ে এই ভয়ংকর ষড়যন্ত্র করা হয়েছিল।
