আম আদমি পার্টিতে যে তিনি থাকবেন না সেটা একপ্রকার দিনের আলোর মতো পরিষ্কার। এবার রাঘব চাড্ডার (Raghav Chadha) রাজনৈতিক ভবিষ্যৎ কী? তিনি কি বিজেপিতে যোগ দেবেন? এসব নিয়ে জল্পনার মধ্যেই সোশাল মিডিয়ায় চমকপ্রদ ইঙ্গিত দিলেন রাঘব। বুঝিয়ে দিলেন, নয়া দল গঠন করার ভাবনা চিন্তাও রয়েছে তাঁর মাথায়।
সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে রাঘবের এক সমর্থক দাবি করেন, দেশের তরুণ প্রজন্ম চায় রাঘব চাড্ডা নিজের একটি রাজনৈতিক দল গড়ুন। এখন অন্য কোনও দলে যোগ দিলে জনপ্রিয়তা হারাবেন রাঘব। এমনকি সমালোচনার মুখেও পড়তে পারেন। তাই সবচেয়ে ভালো হবে নিজের আলাদা দল গড়লে। এবং তাতে যুবসমাজ ব্যাপকভাবে তাঁর পাশে দাঁড়াবে। রাঘবের ওই নতুন দলের নাম 'জেন জি পার্টি' হতে পারে।
তাৎপর্যপূর্ণভাবে ওই সমর্থকের পোস্টে জবাব দিয়েছেন রাঘব নিজে। তিনি শুধু লিখেছেন, 'interesting thought' অর্থাৎ 'বেশ আকর্ষণীয় চিন্তাভাবনা'। রাঘবের ওই ছোট্ট মন্তব্যই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি করে দিল। যদিও আপের দাবি, রাঘব বিজেপিতেই যাবেন। তাঁর বিজেপির সঙ্গে কথাবার্তা ইতিমধ্যেই সম্পন্ন। দুবছর আগে থেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর।
যদিও রাঘবের ঘনিষ্ঠ মহল বলছে, এখনই তাঁর বিজেপিতে যোগের সম্ভাবনা এখনই নেই। রাজ্যসভার সাংসদ হিসাবে আরও দু'বছর মেয়াদ রয়েছে রাঘবের। এই দু'বছর তিনি দলের অন্দরে থেকেই আপ শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করবেন। যেমনটা করছেন স্বাতী মালিওয়াল। তবে পাঞ্জাবের ভোটের আগে বিজেপি যদি চায়, তাহলে যোগদান হলেও হতে পারে। প্রকাশ্যে রাঘব বলছেন, “আমি বুঝতে পারছি না কেন আমার কণ্ঠরোধ করা হচ্ছে, আমি তো সাধারণ মানুষের কথা বলি। তাতে আম আদমির লাভ হয়। তাতে আম আদমি পার্টির সমস্যাটা ঠিক কোথায়? ওরা কেন আমার কণ্ঠরোধ করছে। মানুষের কথা বলা কি অপরাধ?” রাঘবের সাফ কথা, “আমাকে হয়তো নীরব করা যাবে, কিন্তু হারানো যাবে না। মানুষের পাশে থাকব। মানুষের কথা বলব।”
