ছত্তিশগড়ে (Chhattisgarh) নিজের বাসভবন থেকে উদ্ধার হল এক বায়ুসেনা আধিকারিকের ঝুলন্ত দেহ। পুলিশের দাবি, তিনি আত্মঘাতী হয়েছেন। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বিপুল যাদব (৩৯)। তিনি বায়ুসেনার উইং কমান্ডার ছিলেন।ছত্তিশগড়ের (Chhattisgarh) রায়পুরে মাও-দমন অভিযানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। অভিযোগ, গত বুধবার সকালে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান বাড়ির পরিচারিকা। এরপরই হুলস্থূল পড়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে রহস্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিপুলের ন’বছরের পুত্র এবং সাত বছরের কন্যা ছিল। স্ত্রী কর্মসূত্রে দিল্লিতে থাকেন। একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় তিনি কর্মরত। তবে জানা গিয়েছে, আগে তিনি বায়ুসেনাতেই কর্মরত ছিলেন। বিপুলের দেহ যে ঘরে উদ্ধার হয়, তার পাশের ঘরেই ঘুমাচ্ছিল তাঁর দুই সন্তান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, স্ত্রীয়ের সঙ্গে নিত্যদিনই আশান্তি লেগে থাকত বিপুলের। মনে করা হচ্ছে, এর জেরেই চরম পদক্ষেপ করেছেন বিপুল। তবে সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা।
