পুরসভা নির্বাচনের পর শহর দখলের লড়াইয়ে রীতিমতো দড়ি টানাটানি শুরু হল বিজেপি ও কংগ্রেসের। ধুম পড়ে গেল ঘোড়া কেনাবেচার। শুক্রবার বেনজিরভাবে বিজেপির এক কাউন্সিলরকে সমর্থন দিয়ে মেয়র পদে বসাতে দেখা গেল কংগ্রেসকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের ভিওয়ান্ডি-নিজামপুর পুরনিগমে।
জানা গিয়েছে, বিজেপির বিক্ষুব্ধ ওই কাউন্সিলরের নাম নারায়ণ চৌধুরী। মেয়র নির্বাচনে বিক্ষুব্ধ ওই নেতাকে পূর্ণ সমর্থন দিয়েছে কংগ্রেস ও এনসিপি (শরদ)। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভিওয়ান্ডি-নিজামপুর পুরসভার মোট আসন সংখ্যা ৯০। এর মধ্যে কংগ্রেস পেয়েছে ৩০টি আসন, বিজেপি ২২, শিবসেনা ও এনসিপি (শরদ) পেয়েছে ১২টি করে আসন। তবে মেয়র পদের জন্য এই বিজেপি নেতাকে সমর্থন দেয়নি বিজেপি। এই অবস্থায় কংগ্রেস ও এনসিপির যৌথভাবে সমর্থন দেন ওই বিজেপি কাউন্সিলরকে যার জেরে ৪৩টি ভোট পান নারায়ণ। পাশাপাশি বাকি কাউন্সিলরদের ভোট মিলিয়ে তাঁর প্রাপ্ত ভোট দাঁড়ায় ৪৮। যা ম্যাজিক ফিগারের চেয়ে ২ ভোট বেশি। ফলে সহজেই মেয়র পদে নির্বাচিত হন তিনি।
'নারায়ণ চৌধুরী-সহ দলের অন্যান্য যে কাউন্সিলাররা মেয়র নির্বাচনে দলবিরোধী কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে', হুঁশিয়ারি বিজেপির।
বিজেপি নেতা মেয়র পদে বসলেও ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন কংগ্রেসের তারিক মোমিন। নারায়ণের দল বিরোধী পদক্ষেপ ও কংগ্রেসের থেকে জোরালো ধাক্কা খেয়ে যারপরনাই ক্ষুব্ধ গেরুয়া শিবির। নারায়ণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মহারাষ্ট্র বিজেপির সভাপতি রবীন্দ্র চ্যবন। তিনি বলেন, 'নারায়ণ চৌধুরী-সহ দলের অন্যান্য যে কাউন্সিলাররা মেয়র নির্বাচনে দলবিরোধী কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'
