পাঞ্জাব পুলিশ, বিদেশ মন্ত্রক, সিবিআই এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অনুরোধে তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছিল ইন্টারপোল। শেষ পর্যন্ত পাঞ্জাবের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার অমৃতপাল সিং ওরফে অমৃত দালামকে ইউরোপের দেশ মলডোভা থেকে আটক করা হল।
পাঞ্জাবের বাটালার দালাম নাঙ্গাল গ্রামের বাড়ি অমৃতপাল সিংয়ের। তিনি কুখ্যাত জগ্গু ভগনপুরিয়া গ্যাংয়ের মাথা। দেশে খুন-তোলাবাজি-সহ একাধিক অপরাধ করার পর ভুয়ো পাসপোর্ট বানিয়ে বিদেশ পালান। অভিযোগ, বিদেশে বসেই ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায় করতেন। এর মধ্যেই পাঞ্জাব পুলিশ ওভারসিজ ফিউজিটিভ ট্র্যাকিং অ্যান্ড এক্সট্র্যাডিশন সেল (ওএফটিইসি) গঠন করে। যাতে করে বিদেশে পালানো গ্যাংস্টারের গতিবিধির উপর নজর রাখা যায়। সেভাবেই নজরদারির কাজ চলছিল। অবশেষে মলডোভার সীমান্ত থেকে অমৃতপালকে ধরল মলডোভা পুলিশ। কাজে এল ইন্টারপোলের রেড কর্নার নোটিস।
বর্তমানে মলডোভা পুলিশের হেফাজতে রয়েছেন গ্যাংস্টার। প্রত্যর্পণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে অমৃতপালকে দেশে ফিরিয়ে আনা হবে। পাঞ্জাবের ডিজি গৌরব যাদব এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, খুন, তোলাবাজি, মাদক পাচার-সহ বহু মামলা রয়েছে অমৃতপালের বিরুদ্ধে। দেশে ফেরানোর পরেই তাঁর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে। তিনি মন্তব্য করেন, "বিদেশে আস্তানা গেড়ে দেশের বিচার প্রক্রিয়া এড়িয়ে যাওয়া অপরাধীদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টায় অমৃত দালামের গ্রেপ্তারি গুরুত্বপূর্ণ সাফল্য।"
