বিজেপির ডবল ইঞ্জিন সরকার অসমে শান্তি নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে বলে ভোটপ্রচারে দাবি করলেন নরেন্দ্র মোদি। তাঁর দাবি, অসমে দীর্ঘ সময় ধরে অস্থিতিশীলতা ছিল। কিন্তু গত দশকে পরিস্থিতি বদলেছে। ‘মেরা বুথ, সবসে মজবুত সংবাদ’-এর অংশ হিসাবে নির্বাচন-মুখী অসমে বিজেপির বুথ স্তরের কর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় মোদি বলেন, উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন সংগঠনের সঙ্গে সরকারের পক্ষ থেকে বারোটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দলীয় কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, বিজেপি কর্মীদের জনগণকে মনে করিয়ে দিতে হবে যে কীভাবে কংগ্রেস শুধুমাত্র শিরোনাম তৈরি করতে এবং জনগণকে বিভ্রান্ত করতে কাগজে-কলমে চুক্তি করত।
মোদির কথায়, ''আমরা এমন এক যুগ দেখেছি যখন অসম হিংসায় জ্বলছিল। অসম দীর্ঘ সময় ধরে অস্থিতিশীল ছিল, কিন্তু গত দশকে পরিস্থিতি বদলে গিয়েছে। আজ আমরা এক নতুন আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি, কারণ বিজেপির ডবল-ইঞ্জিন সরকার শান্তির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে।'' কংগ্রেসের আমলে শান্তি চুক্তিগুলোকে উপেক্ষা করা হয়েছিল এবং যুবকদের দুর্ভোগ পোহাতে ও অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তাঁর আরও দাবি, কংগ্রেস শাসনকালে বিদ্রোহী ও ছাত্র সংগঠনগুলোর সঙ্গে কোনও চুক্তি হয়নি। কংগ্রেস বোড়োদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
এর পরই তাঁর দাবি, বিজেপি শান্তি প্রতিষ্ঠা এবং যুবকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কাজ করেছে। আমরা আন্তরিকভাবে শান্তি চুক্তিগুলো বাস্তবায়ন করেছি। গত দশকে আমাদের উদ্যোগে কীভাবে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, তা অসমের মানুষ দেখেছেন। অসমে পূর্ববর্তী কংগ্রেস সরকারগুলোর ‘দুঃশাসনের’ কথা প্রথমবারের ভোটারদের মনে করিয়ে দেওয়া এবং তাদের সতর্ক করে মোদি বলেন, সামান্যতম ভুল রাজ্যটিকে পিছিয়ে দিতে পারে। একটি রাষ্ট্রের উন্নয়নের জন্য শান্তিই প্রধান শর্ত।
